মোহনগঞ্জে প্রেমিকের সহযোগিতায় ১৬ বছর বয়সি এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠেছে। এ ঘটনায় ধর্ষণে সহযোগিতার অভিযোগে প্রেমিক আবির তালুকদারকে (১৭) গ্রেফতার করেছে পুলিশ। তবে মূল অভিযুক্ত অটোরিকশাচালক জয় মিয়া এখনো পলাতক রয়েছে। শনিবার দুপুরে গ্রেফতার আবিরকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার দুপুরে মোহনগঞ্জ পৌর শহরের বার্তারগাতী এলাকার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। ওসি হাফিজুল ইসলাম হারুন বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতার আবির সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বাকরপুর গ্রামের মশিউর তালুকদারের ছেলে। পলাতক জয় মিয়া একই উপজেলার খসিদপুর গ্রামের স্বাধীন মিয়ার ছেলে। জয়ের স্ত্রী সন্তানসম্ভবা হওয়ায় বাড়ি চলে যাওয়ায় সে বাসায় একাই থাকত। জানা গেছে, ভুক্তভোগী ষষ্ঠ শ্রেণির ছাত্রীর সঙ্গে আবিরের প্রেমের সম্পর্ক ছিল। শুক্রবার দুপুরে ওই ছাত্রী তার চাচাতো বোনকে নিয়ে কেনাকাটার উদ্দেশে শহরে বের হলে আবির তাদের অটোরিকশায় করে জয়ের ভাড়া বাসায় নিয়ে যায়। সেখানে চাচাতো বোনকে পাশের কক্ষে রেখে আবির ও ভুক্তভোগী কথা বলার একপর্যায়ে জয় মিয়া ওই ছাত্রীকে ধর্ষণ করে। অভিযোগে বলা হয়, এই কাজে আবির সরাসরি সহযোগিতা করেছে। ঘটনার পর অভিযুক্তরা পালিয়ে গেলে ভুক্তভোগী পুলিশকে বিষয়টি জানায়। পুলিশ তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার ব্যবস্থা করে এবং বিকালে আবিরকে গ্রেফতার করে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। তদন্তকারী কর্মকর্তা এসআই মাহমুদুল হাসান জানান, পলাতক জয়কে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।