মোটা কয়, মুটি
কর ছোটাছুটি
তোকে দেখে লোকজন
হেসে কুটিকুটি!
খেতে হবে তিনবেলা
কড়কড়ে রুটি।
মুটি কয়, মোটা
হাত গোটা গোটা
রোজ তোর দরকার
ঠিকমতো ছোটা।
আজ থেকে শুরু কর
ভোরবেলা ওঠা।
মোটা কয়, মুটি
ঠিক যেন ফুটি
মাছ গোস বাদ দিয়ে
খাবি শুধু পুঁটি।
আর কত উপদেশ
এইবেলা উঠি।
মুটি কয়, মোটা
পেটে কী রে ওটা?
ভুঁড়ি দেখে চমকাবে
লোকে দেবে খোঁটা।
আশেপাশে পোলাপান
হয়ে যাবে জোটা।
মোটা আর মুটি
সখা-সখী দুটি
রেষারেষি রোজ তাই
আছে মোটামুটি।








