​রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকার রাজু ভাস্কর্যের সামনে মেট্রোরেলের ওভারহেড উচ্চ ভোল্টেজের বৈদ্যুতিক তারে গ্যাস বেলুন আটকে যাওয়ার ঘটনা ঘটেছে। এর ফলে নিরাপত্তা ও কারিগরি সুরক্ষার স্বার্থে সাময়িকভাবে বন্ধ রয়েছে মেট্রোরেল চলাচল।​আজ রবিবার (২৮ জুন) সকাল আনুমানিক ৭টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।​প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, ফুটবল দল আর্জেন্টিনার খেলা দেখার জন্য ভোরে রাজধানীর টিএসসি এলাকায় বিপুলসংখ্যক দর্শক ও সমর্থক জড়ো হন। খেলা চলাকালীন বা জয়ের উম্মাদনায় সমর্থকদের উড়িয়ে দেওয়া একগুচ্ছ নীল-সাদা গ্যাস বেলুন বাতাসে ভেসে মেট্রোরেলের ওভারহেড ক্যাটেনারি সিস্টেমের (উচ্চ ভোল্টেজের বৈদ্যুতিক তার) সঙ্গে গিয়ে আটকে যায়।​হাই-ভোল্টেজ বৈদ্যুতিক তারে বেলুনগুলো আটকে থাকার কারণে স্বয়ংক্রিয়ভাবে লাইনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এর ফলে উত্তরা থেকে মতিঝিলগামী একটি মেট্রোরেল ট্রেন ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনের ঠিক কাছাকাছি এসে থমকে দাঁড়ায়। লাইনের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় এই রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে স্থগিত রাখতে বাধ্য হয় কর্তৃপক্ষ।​মেট্রোরেল কর্তৃপক্ষ দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে এবং তারে আটকে থাকা বেলুন অপসারণের কাজ শুরু করেছে। লাইনটি নিরাপদ ঘোষণার পরপরই পুনরায় ট্রেন চলাচল শুরু হবে বলে জানানো হয়েছে।