নরসিংদীর নাগরিয়াকান্দি সেতু থেকে একটি জীবন্ত কুকুরের গলায় ইট বেঁধে মেঘনা নদীতে ফেলে দেওয়ার ঘটনায় প্রধান অভিযুক্ত শাহিনারা বেগমকে (৫২) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।   শনিবার (২৭ জুন) সন্ধ্যায় নরসিংদী শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শাহিনারা বেগম নরসিংদী সদর উপজেলার কামারগাঁও গ্রামের মৃত আব্দুল আজিজের স্ত্রী। এর আগে একই ঘটনায় জড়িত মোহাম্মদ আলী নামে এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ।

নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম মামুন শাহিনারা বেগমকে গ্রেপ্তারের তথ্য জানান। 

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, গত বৃহস্পতিবার (২৫ জুন) বেলা সাড়ে ১১টার দিকে নরসিংদীর নাগরিয়াকান্দি সেতুর ওপর একটি কুকুরের গলায় রশি দিয়ে ভারী ইট বেঁধে মেঘনা নদীতে ফেলে দেওয়া হয়। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক ক্ষোভ ও নিন্দার সৃষ্টি হয়।

ভিডিওটি প্রকাশের পর প্রাণীর প্রতি এমন নিষ্ঠুর আচরণের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এর পরপরই অভিযানে নামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) কর্মকর্তারা জানান, গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে হাজির করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রাণী কল্যাণ আইন, ২০১৯ অনুযায়ী কোনো প্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণ, নির্যাতন বা হত্যা দণ্ডনীয় অপরাধ। এ ধরনের অপরাধে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধান রয়েছে।