​ম্যাচের ফলাফল নিয়ে সংশয় ছিল খুবই কম, ফুটবলপ্রেমীদের অপেক্ষা ছিল কেবল গোল ব্যবধান দেখার। ড্যালাস স্টেডিয়ামে বাংলাদেশ সময় রবিবার (২৮ জুন) সকালে একপেশে ম্যাচে জর্ডানকে ৩-১ গোলে হারিয়ে সহজ জয় নিয়ে মাঠ ছেড়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আলবিসেলেস্তেদের হয়ে একটি করে গোল করেছেন জিওভানি লো সেলসো, লাউতারো মার্তিনেজ ও অধিনায়ক লিওনেল মেসি। এই জয়ের ফলে ফিফা বিশ্বকাপে টানা ৯ ম্যাচে অপরাজিত থাকার কীর্তি গড়ল আর্জেন্টিনা। একই সাথে টানা সাত ম্যাচে গোল করার অনন্য এক বিশ্ব রেকর্ড নিজের নামের পাশে লিখিয়ে নিলেন ফুটবলের মহাতারকা লিওনেল মেসি। গ্রুপ পর্বে তিন ম্যাচের তিনটিতেই জিতে 'জি' গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে নকআউটের টিকিট নিশ্চিত করল আর্জেন্টিনা। আগামী ৪ জুলাই বাংলাদেশ সময় ভোর ৪টায় বিশ্বকাপের বড় চমক কেপ ভার্দের মুখোমুখি হবে তারা। অন্যদিকে, একই গ্রুপ থেকে নকআউটের টিকিট পেয়েছে আলজেরিয়া ও অস্ট্রিয়া। গ্রুপ পর্বের শেষ ম্যাচে দল দুটির রোমাঞ্চকর লড়াই ৩-৩ গোলে ড্র হয়। ​লিওনেল মেসিসহ মূল একাদশের প্রায় পুরোটা বদলে জর্ডানের বিপক্ষে খেলতে নামে আর্জেন্টিনা। ম্যাচের ষষ্ঠ মিনিটেই চমৎকার ফিনিশিংয়ে বল জালে জড়ান বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচ খেলতে নামা লো সেলসো, তবে অফসাইডের কারণে সেটি বাতিল হয়। গোলের জন্য অবশ্য লো সেলসোকে বেশি সময় অপেক্ষা করতে হয়নি। মিনিট দশেক পর ডি-বক্সের ঠিক বাইরে জর্ডানের ফাউলের সুবাদে ফ্রি-কিক পায় আর্জেন্টিনা। বাম পায়ের দুর্দান্ত শটে জর্ডানের গোলকিপারকে কোনো সুযোগ না দিয়ে জাল কাঁপান লো সেলসো। ম্যাচের বয়স আধঘণ্টা পেরোতেই আবার গোল পায় আলবিসেলেস্তেরা। এবার ডি-বক্সের ভেতরে বল ক্লিয়ার করতে গিয়ে মার্কো সেনেসির মাথায় বুটের আঘাত করে বসেন জর্ডানের ডিফেন্ডার ইয়াসিন আল আরব। ভিএআর দেখে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। মেসির অনুপস্থিতিতে স্পট কিক নিয়ে নিখুঁত ফিনিশিংয়ে বিশ্বকাপে নিজের প্রথম গোলটি করেন ইন্টার মিলান ফরোয়ার্ড লাউতারো মার্তিনেজ। ​দ্বিতীয়ার্ধের শুরুতে প্র্যাকটিস জার্সি পরে ডাগআউটের পাশে মেসিকে ওয়ার্ম-আপ করতে দেখে উল্লাসে ফেটে পড়ে গোটা স্টেডিয়াম। বিরতির পর মাঠে নেমে তৃতীয় মিনিটেই লাউতারো মার্তিনেজ বল জালে জড়ালেও তা অফসাইডের কারণে বাতিল হয়। উল্টো ম্যাচের ৫৫ মিনিটে আর্জেন্টিনাকে চমকে দিয়ে জর্ডানের হয়ে এক গোল শোধ করেন মুসা আল-তামারি। এরপর ৬০ মিনিটের মাথায় বদলি হিসেবে মাঠে নামেন মেসি। শুরুতেই একটি ফ্রি-কিক পেলেও তা বারের ওপর দিয়ে মারেন তিনি। তবে ৮০ মিনিটের মাথায় আবারও ফ্রি-কিক পায় আর্জেন্টিনা এবং এবার আর কোনো ভুল করেননি আর্জেন্টাইন জাদুকর। বাম পায়ের নিচু শটে জর্ডানের গোলকিপারকে বোকা বানিয়ে স্কোরশিটে নাম তোলেন মেসি। চলতি বিশ্বকাপে এটি মেসির ষষ্ঠ এবং সব মিলিয়ে বিশ্বকাপে ১৯তম গোল, যার মাধ্যমে সর্বোচ্চ গোলের রেকর্ডটি আরও উঁচুতে নিয়ে গেলেন তিনি। বাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় সহজ জয় নিয়েই মাঠ ছাড়ে আর্জেন্টিনা।