বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত এবং ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত পরিচালন ও উন্নয়ন বাজেট পাস হয়েছে। শনিবার (২৭ জুন) বিশ্ববিদ্যালয়ের ১০০তম সিন্ডিকেট সভায় ২৯তম বাজেট অধিবেশনের মাধ্যমে মোট ১ হাজার ৩৯ কোটি ৫৪ লাখ ২৬ হাজার টাকার এই বাজেট পাস করা হয়। বাজেট পেশ করার সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ডা. নাহরীন আখতার জানান, এই প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে ৬৩৪ কোটি ৮০ লাখ টাকা, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে ১৩৬ কোটি ২৮ লাখ ৭ হাজার টাকা এবং বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয় থেকে ১৬৩ কোটি টাকা বরাদ্দ ধরা হয়েছে। তবে বাজেটে ১০৫ কোটি ৪৬ লাখ ১৯ হাজার টাকার ঘাটতি রয়েছে উল্লেখ করে তিনি বলেন, "এই ঘাটতি পরে সংশোধিত বাজেটে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চাহিদার মাধ্যমে সংকলন করা হবে।" এবারের বাজেটের মূল লক্ষ্য ও দর্শন তুলে ধরে ট্রেজারার অধ্যাপক ডা. নাহরীন আখতার বলেন, "এবারের বাজেটের প্রতিপাদ্য বিষয় হলো ‘আগামীর বাংলাদেশ যেন হয় সুস্বাস্থ্য্যের বাংলাদেশ’। চিকিৎসা হবে প্রয়োজনের ভিত্তিতে, সামর্থ্যের ভিত্তিতে নয়।" তিনি আরও জানান, একটি সুস্থ ও সমৃদ্ধ জাতি গঠনে চিকিৎসা সেবা এবং গবেষণাকে সর্বাধিক অগ্রাধিকার দিয়ে বাস্তবসম্মত, উন্নয়নমুখী ও জনকল্যাণকেন্দ্রিক এবং অর্থনৈতিক বাস্তবতার নিরিখে এই বাজেট সাজানো হয়েছে। স্বাস্থ্য খাতের ক্রমবর্ধমান চ্যালেঞ্জ ও আধুনিক চিকিৎসা শিক্ষার পরবর্তী চাহিদা সামনে রেখে কস্ট কন্ট্রোল ও কস্ট রিডাকশন ব্যয়নীতি অনুসরণের মাধ্যমে এই বাজেট তৈরির পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা শিক্ষা ও সেবার মান বাড়াতে বাজেটে নেওয়া বিশেষ উদ্যোগগুলোর কথা জানিয়ে অধ্যাপক ডা. নাহরীন আখতার বলেন, "শিক্ষা ও একাডেমিক উন্নয়নে পাঠ্যক্রম আধুনিকায়ন, ডিজিটাল ক্লাস রুম ও ই-লার্নিং গবেষণার অনুদান বৃদ্ধি, আধুনিক চিকিৎসা সরঞ্জামাদির সংযোজন, ইলেকট্রনিক মেডিকেল রেকর্ড চালসহ বিনামূল্যে ওষুধ দিতে অতিরিক্ত টাকার বরাদ্দের গুরুত্ব দিয়ে মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে এই বাজেট তৈরি করা হয়েছে।"
রাজনীতি
হাজার কোটি টাকা ছাড়াল বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বাজেট, ঘাটতি ১০৫ কোটি

শেয়ার করুন







