ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন দুইজন এবং গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার (৮ আগস্ট) দুপুর ২টার দিকে সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের নেংড়ীরহাট নামক এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের নেংড়ীরহাট এলাকার মৃত দেবারু মোহাম্মদের ছেলে আবুল হোসেন (৬৫) ও ব্যাংরোল জিয়াবাড়ী বালিয়াডাঙ্গী উপজেলার মো. দেলোয়ার হোসেনের ছেলে অর্ণব ইসলাম (১৩)।
গুরুতর আহত পৌর শহরের কালিবাড়ী আমতলী এলাকার নূরে আলমের ছেলে নিরব ইসলাম (১৬) কে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ২টার দিকে পালসার মোটরসাইকেলে করে ঠাকুরগাঁও শহর হতে ব্যাংরোল বালিয়াডাঙ্গী যাচ্ছিলেন নিরব ও অর্নব। পথে নেংড়ীরহাট নামক এলাকায় বৃদ্ধ আবুল হোসেন রাস্তা পার হতে গেলে মোটরসাইকেলটি তাকে সজোরে ধাক্কা মারে এবং নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি রাস্তার পাশে একটি বৈদ্যুতিক পিলারে গিয়ে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই মারা যান পথচারী আবুল হোসেন ও মোটরসাইকেলের পিছনে বসা অর্নব ইসলাম। গুরুতর আহত অবস্থায় নিরব ইসলামকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠান।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাজাহান আলী।
তানভীর হাসান তানু/কেজে/এএসএম








