মুন্সীগঞ্জের শ্রীনগরে সয়াবিন তেলবাহী কাভার্ডভ্যান ডাকাতির ২৪ ঘণ্টার মধ্যেই বড় সাফল্য পেয়েছে পুলিশ। লুণ্ঠিত ১১ হাজার ৭৪৪ লিটার তেল উদ্ধারসহ আন্তঃজেলা ডাকাত চক্রের ২ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ ও ছিনতাই হওয়া কাভার্ডভ্যানটি।শনিবার (১১ জুলাই) দুপুর সাড়ে ১২টায় এক সংবাদ সম্মেলনে মুন্সীগঞ্জের পুলিশ সুপার মেনহাজুল আলম এসব তথ্য নিশ্চিত করেন। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আব্দুল গনি মিয়া (২৮) ও অভি রহমান (২৮)।পুলিশ জানায়, গত ৯ জুলাই ভোরে নারায়ণগঞ্জ থেকে ৬৬৫ কার্টন (১১ হাজার ৯৭০ লিটার) সয়াবিন তেল নিয়ে একটি কাভার্ডভ্যান যশোরের উদ্দেশে রওনা হয়। ভোর সাড়ে চারটার দিকে শ্রীনগরের ষোলঘর এলাকায় ঢাকা-মাওয়া সার্ভিস রোডে একটি পিকআপ নিয়ে ডাকাত দল সেটির গতিরোধ করে। ডাকাতেরা চালক ও সহকারীকে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে রেখে তেলসহ কাভার্ডভ্যানটি নিয়ে পালিয়ে যায়।এ ঘটনায় মামলা হওয়ার পর জেলা ডিবি ও শ্রীনগর থানা-পুলিশ যৌথ অভিযান শুরু করে। শুক্রবার গাজীপুরের কালিয়াকৈর থেকে ডাকাত দলের ২ সদস্যকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বগুড়ার শেরপুর উপজেলার দুটি ভাড়া করা গুদাম থেকে মোট ৬৫২ কার্টন (১১ হাজার ৭৪৪ লিটার) সয়াবিন তেল উদ্ধার করা হয়।পুলিশ সুপার জানান, লুণ্ঠিত তেলের বড় অংশ উদ্ধার করা সম্ভব হলেও এখনো ১৩ কার্টন তেল পাওয়া যায়নি। ডাকাত চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তার করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।/