মুন্সিগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন এলাকায় একটি পুকুর অবৈধভাবে ভরাট ও পরিবেশ ধ্বংসের অভিযোগে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। আজ সোমবার দুপুর ১২টার দিকে মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন থেকে ভরাট কাজ বন্ধ, পরিবেশ রক্ষা এবং তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।
মানববন্ধনে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় অর্ধশতাধিক মানুষ অংশ নেন।
স্থানীয় বাসিন্দারা নুরুল হক প্রধানের ছেলে মো. নাফিজ প্রধানের বিরুদ্ধে ৬৬ শতাংশের ওই পুকুর অবৈধভাবে ভরাটের অভিযোগ তোলেন।
বক্তারা বলেন, পোড়া স্কুল নামে পরিচিত উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ঐতিহ্যবাহী পুকুরটি ভরাটের কারণে এলাকার স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত হচ্ছে। পুকুর ভরাট হলে জলাবদ্ধতার তীব্র ঝুঁকি তৈরি হবে বলেও তাঁরা আশঙ্কা প্রকাশ করেন।
বক্তাদের ভাষ্য, বড় জলাশয়টি ভরাট হয়ে গেলে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি বর্ষাকালে পানি নিষ্কাশন ব্যবস্থা ভেঙে পড়বে।
স্থানীয় বাসিন্দা সাজ্জাদ হোসেন বলেন, ‘এটি এলাকার শেষ অবশিষ্ট জলাশয়। পুকুরটি ভরাট হয়ে গেলে পুরো এলাকায় আর কোনো জলাশয় থাকবে না। এটি রক্ষার পাশাপাশি আমরা দখলদারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানাচ্ছি।’
অভিযোগ অস্বীকার করে মো. নাফিজ প্রধান বলেন, ‘পুকুরটিতে মোট ৬৬ শতাংশ জমি রয়েছে, যার মধ্যে ৩৪ শতাংশ আমার নিজের কেনা এবং নামজারি করা। আমি শুধু আমার ক্রয় করা দুই শতাংশ জমি ভরাট করেছি। কারও জায়গা দখল বা ভরাট করছি না, আমার বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে।’
মুন্সিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, পুকুর ভরাটের বিষয়ে তিনি অবগত হয়েছেন। সরেজমিনে পরিদর্শন করে দ্রুত আইনগত ব্যবস্থা নিতে সহকারী কমিশনারকে (ভূমি) নির্দেশ দেওয়া হয়েছে।








