বাংলা শিল্প ও সংস্কৃতির অন্যতম অগ্রপথিক, বাংলা একাডেমির সম্মানিত ফেলো চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলা একাডেমি।
সোমবার (২৯ জুন) এক শোকবার্তায় একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম প্রয়াত এই গুণী শিল্পীর প্রতি শ্রদ্ধা জানান।
শোকবার্তায় মুস্তাফা মনোয়ারের আত্মার শান্তি কামনা করা হয়। পাশাপাশি তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানায় বাংলা একাডেমি।
মহাপরিচালক মোহাম্মদ আজম বলেন, “মুস্তাফা মনোয়ার চিত্রকলায় যেমন নিজস্বতার স্বাক্ষর রেখেছেন, তেমনি পাপেটশিল্পের মাধ্যমে কয়েক প্রজন্মের শিশু-কিশোরদের মাঝে শিক্ষামূলক বিনোদনের আলো ছড়িয়েছেন।”
শোকবার্তায় আরো বলা হয়, বাংলাদেশ টেলিভিশনসহ দেশের গণমাধ্যমের সৃজনশীল বিকাশে মুস্তাফা মনোয়ারের অবদান অবিস্মরণীয়। দীর্ঘ সময় ধরে তিনি উদ্ভাবনশীলতা, মেধা ও শ্রমনিষ্ঠ সাধনার মাধ্যমে দেশের সাংস্কৃতিক অঙ্গনকে সমৃদ্ধ করেছেন।
এর আগে নিউমোনিয়াজনিত জটিলতা নিয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)-এ চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন ৯০ বছর বয়সি এই বরেণ্য শিল্পী। শিল্পকলায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০৪ সালে তিনি রাষ্ট্রের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘একুশে পদক’-এ ভূষিত হন।








