ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লেতে আগামীকাল (৩০ জুন) থেকে দেখা যাবে বাংলায় ডাবিং করা নতুন মাইক্রোড্রামা ‘দ্য লিটল লাকি স্টার’। বাংলায় এর নাম রাখা হয়েছে ‘সৌভাগ্যের ছোট্ট তারা’।
এটি দীপ্ত প্লেতে বাংলায় ডাবিং করা চতুর্থ মাইক্রোড্রামা।
পারিবারিক আবেগ ও ফ্যান্টাসির মিশেলে নির্মিত ধারাবাহিকটির গল্প আবর্তিত হয়েছে ছোট্ট মেয়ে সু বাওকে ঘিরে। জন্মের পর থেকেই পারিবারিক ষড়যন্ত্র ও ভুল-বোঝাবুঝির কারণে তাকে দুর্ভাগ্যের প্রতীক হিসেবে দেখা হয়। এদিকে এক রহস্যময় অশুভ শক্তির কবলে পড়ে তার মা বন্দী হয়ে যান এক অজানা জগতে।
পরবর্তীতে সু বাওকে দত্তক নেয় একটি পরিবার। কিন্তু সেখানেও অবহেলা ও নির্যাতনের শিকার হয় সে। শেষ পর্যন্ত আশ্রয় নেয় মামার বাড়িতে। সময়ের সঙ্গে নিজের অতীত সম্পর্কে জানতে শুরু করে সু বাও। একপর্যায়ে বাবার সন্ধানও পায় সে।
এই যাত্রায় তার পাশে দাঁড়ান শক্তিশালী আধ্যাত্মিক গুরু এঞ্জেল মাস্টার জি। তার সহায়তায় সু বাও একের পর এক রহস্যের সমাধান করে, নিজের বিশেষ ক্ষমতা সম্পর্কে জানতে পারে এবং বিপৎসংকুল অভিযানে নেমে অবশেষে বন্দী মায়ের সন্ধান পায়।
মাইক্রোড্রামাটির বাংলা সংলাপ অনুবাদ, রচনা ও সম্পাদনার কাজ মাহমুদুল হাসান মুরাদের তত্ত্বাবধানে সম্পন্ন করেছে দীপ্ত টিভির নিজস্ব সংলাপ রচয়িতা দল। কণ্ঠাভিনয়ের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জয়শ্রী মজুমদার লতা। বিভিন্ন চরিত্রে কণ্ঠ দিয়েছেন দীপ্ত টিভির কণ্ঠাভিনয় শিল্পীরা।
এলআইএ








