১৬ দিন আগেও বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার জার্সিতে খেলেছিলেন। সেই রেশ কাটতে না কাটতেই শোকাচ্ছন্ন ফুটবল মহল। মাত্র ২৫ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি দিলেন দক্ষিণ আফ্রিকার ফুটবলার জেডেন অ্যাডামস। তার মৃত্যুর কারণ অজানা। দক্ষিণ আফ্রিকার ক্লাব মামেলোদি সানডাউনসের এই মিডফিল্ডার মেক্সিকো, চেক রিপাবলিক এবং দক্ষিণ কোরিয়ার বিপক্ষে গ্রুপপর্বের তিনটি ম্যাচে খেলেছিলেন। চেকিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে প্রথম একাদশে ছিলেন। দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে বদলি হিসাবে নেমেছিলেন। যদিও রাউন্ড অফ ৩২-এ কানাডার বিরুদ্ধে ০-১ গোলে হারের ম্যাচে মাঠে নামেননি। দক্ষিণ আফ্রিকা ফুটবল প্লেয়ার্স ইউনিয়ন (সাফপু) এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করে লিখেছে, ‘মালেলোদি সানডাউনস ও বাফানা বাফানার মিডফিল্ডার জেডেন অ্যাডামসের অকাল প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত। এবারের বিশ্বকাপে দেশের প্রতিনিধিত্ব করেছিলেন। তার পরিবার, সতীর্থ, ক্লাব এবং গোটা দেশের ফুটবলের জন্য এটা অপূরণীয় এক ক্ষতি।’








