নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর পাশাপাশি সারাদেশে নতুন উদ্যোক্তা ও সৌরবিদ্যুৎ সেবাদাতা প্রতিষ্ঠান গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে জেলা ও ভৌগোলিক এলাকা অনুযায়ী যোগ্য সেবা প্রদানকারী প্রতিষ্ঠান তালিকাভুক্ত করা হবে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিদ্যুৎ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র ২০২৬-২০৩০ বাস্তবায়নের অংশ হিসেবে দেশের বিভিন্ন এলাকায় ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থার বিস্তার ঘটানো হবে। পাশাপাশি স্থানীয় পর্যায়ে উদ্যোক্তা তৈরি এবং একটি কার্যকর সৌরবিদ্যুৎ সেবা নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে।

এ লক্ষ্যে দেশের বিদ্যুৎ বিতরণকারী সংস্থাগুলো বৃহস্পতিবার একযোগে সেবা প্রদানকারী প্রতিষ্ঠান তালিকাভুক্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলো স্থানীয় পর্যায়ে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎসহ বিভিন্ন নবায়নযোগ্য জ্বালানি প্রযুক্তি স্থাপনে কারিগরি সহায়তা দেবে। একই সঙ্গে বিনিয়োগ ও ব্যবসায়িক প্যাকেজ, গ্রাহকসেবা এবং সৌরবিদ্যুৎ ব্যবস্থার পরিচালনা ও রক্ষণাবেক্ষণ সুবিধাও দেওয়ার সুযোগ থাকবে।

সরকারের এ উদ্যোগে স্থানীয় ব্যবসায়ী, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা, তরুণ ও নারী উদ্যোক্তা এবং প্রযুক্তিনির্ভর প্রতিষ্ঠানগুলো নবায়নযোগ্য জ্বালানি খাতে যুক্ত হওয়ার সুযোগ পাবেন। স্থানীয় প্রতিষ্ঠানগুলো জাতীয় পর্যায়ের অভিজ্ঞ কোম্পানি ও বিনিয়োগকারীদের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে প্রযুক্তিগত ও আর্থিক সক্ষমতা বাড়াতে পারবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক প্রক্রিয়ায় সেবা প্রদানকারী নির্বাচন করা হবে। একক প্রতিষ্ঠানের পাশাপাশি যৌথ উদ্যোগেও আবেদন করার সুযোগ থাকবে। এর ফলে নতুন ও স্থানীয় উদ্যোক্তারা অভিজ্ঞ প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদার হয়ে ব্যবসা সম্প্রসারণের সুযোগ পাবেন।

সরকারের লক্ষ্য, ছাদভিত্তিক সৌরবিদ্যুতের ব্যবসা যেন শুধু বড় প্রতিষ্ঠান বা শহরকেন্দ্রিক কার্যক্রমে সীমাবদ্ধ না থাকে। দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত এ খাতের বিস্তার ঘটিয়ে গ্রাহকদের জন্য সাশ্রয়ী ও উদ্ভাবনী বিনিয়োগ এবং সেবা প্যাকেজ তৈরির সুযোগ সৃষ্টি করা হবে। একই সঙ্গে সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রতিযোগিতাও বাড়বে।

রুফটপ সোলারে বিনিয়োগ বাড়াতে বিশেষ প্রণোদনা, কর ও শুল্ক সুবিধা, সহজ শর্তে স্বল্পসুদের অর্থায়ন এবং নতুন উদ্যোক্তাদের জন্য প্রারম্ভিক অর্থায়নের সুযোগ বাড়ানোর বিষয়েও সরকার কাজ করছে। বিশেষ করে গ্রামীণ ও দুর্গম এলাকার উদ্যোক্তা ও গ্রাহকদের এ কার্যক্রমে যুক্ত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র ২০২৬-২০৩০ অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ উৎপাদনে নবায়নযোগ্য জ্বালানির অংশ ২০ শতাংশে উন্নীত করার লক্ষ্য রয়েছে। এর মধ্যে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ থেকে ৫ হাজার ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা করা হয়েছে।

সরকারের মতে, এ লক্ষ্য অর্জনে দক্ষ জনবল, স্থানীয় উদ্যোক্তা, বিনিয়োগকারী এবং কার্যকর সেবা নেটওয়ার্ক গড়ে তোলা জরুরি। সেই লক্ষ্যেই সারাদেশে নতুন উদ্যোক্তা তৈরির পাশাপাশি সৌরবিদ্যুৎ সেবার পরিধি বাড়ানোর এ উদ্যোগ নেওয়া হয়েছে।

বিদ্যুৎ বিভাগের প্রত্যাশা, এর মাধ্যমে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ দেশের জ্বালানি রূপান্তরের গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠবে। পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা, স্থানীয় বিনিয়োগ, দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানের নতুন ক্ষেত্রও তৈরি হবে।

পঞ্চগড় থেকে পটুয়াখালী এবং কুড়িগ্রাম থেকে কক্সবাজার দেশের সব অঞ্চলের ব্যবসায়ী, তরুণ ও নারী উদ্যোক্তাদের নবায়নযোগ্য জ্বালানির সম্ভাবনাময় বাজারের সঙ্গে যুক্ত করাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।