কীর্তনখোলা নদীর ক্রমাগত ভাঙনে বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের শায়েস্তাবাদ ও আশপাশের এলাকার মানুষের জীবন-জীবিকা হুমকির মুখে পড়েছে। বছরের পর বছর নদীর আগ্রাসনে হারিয়ে যাচ্ছে বসতভিটা, ফসলি জমি, গাছপালা ও নানা স্থাপনা। অথচ দীর্ঘদিন ধরেই স্থানীয়দের দাবি-স্থায়ী কোনো নদীশাসন প্রকল্প বাস্তবায়ন না হওয়ায় সমস্যার সমাধান হচ্ছে না। এমন বাস্তবতায় বরিশালের নদীভাঙন রোধে স্থায়ী সমাধানের দাবিতে শনিবার বেলা ১১টায় অশ্বিনী কুমার টাউন হলের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ‘আব্দুর রহমান বিশ্বাস স্মৃতি পরিষদ।’
মানববন্ধনে প্রধান অতিথি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বলেন, আমরা দেখেছি বিগত দিনে একজন পানিসম্পদ প্রতিমন্ত্রী থাকা অবস্থায় ও আমাদের এই এলাকায় নদীভাঙনের স্থায়ী কোনো সমস্যা সমাধানের উদ্যোগ নেয়নি। এই এলাকায় এমনভাবে নদীভাঙন হয়েছে নিঃস্ব মানুষ কোনোমতে একটি ঘর করলেও সেটিও বিলীন হয়ে যাচ্ছে। আমাদের মানবিক প্রধানমন্ত্রীর কাছে দাবি এই ভাঙন প্রতিরোধ করে একটি স্থায়ী সমাধান করার নির্দেশ দিন তিনি।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা একটি র্যালি বের করেন। র্যালিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে, অশ্বিনী কুমার হল চত্বরে এসে শেষ হয়।








