বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের আলীক্ষ্যং মৌজার বড়ই ঝিরি এলাকায় রাবার বাগান থেকে ৬ রোহিঙ্গা শ্রমিককে অপহরণের অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে স্থানীয় কাওছারের মালিকানাধীন রাবার বাগানের স্টাফ কোয়ার্টার থেকে একদল সশস্ত্র দুর্বৃত্ত তাদের তুলে নিয়ে যায় বলে জানা গেছে। এ ঘটনায় সীমান্তবর্তী এলাকায় উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।

রাবার বাগানের মালিক কাওছার জানান, অপহৃত শ্রমিকরা পাশের বাবুলের মালিকানাধীন রাবার বাগানে আগে কাজ করতেন। সেখানে কাজ শেষ করে মাত্র একদিন আগে তারা তার বাগানে জঙ্গল পরিষ্কারের কাজে যোগ দেন।

তিনি আরও বলেন, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে শ্রমিকরা কাজ শেষে স্টাফ ঘরে অবস্থান করছিলেন। এ সময় একদল সশস্ত্র ব্যক্তি সেখানে গিয়ে তাদের জোরপূর্বক তুলে নিয়ে যায়।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, ঘটনার বিষয়টি আমি জেনেছি। আলীক্ষ্যং পুলিশ ফাঁড়িকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অপহৃতদের উদ্ধারে পুলিশ তৎপর রয়েছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।