নান্দাইলে টানা এক রাতের বৃষ্টিতে গাংগাইল ইউনিয়নের কালভার্টের নিচের মাটি ধসে গিয়ে মরণফাঁদে পরিণত হয়েছে। এতে ওই রাস্তা দিয়ে চলাচলকারী শত শত মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। উপজেলার ৫নং গাংগাইল ইউনিয়নের গাংগাইল বাজার থেকে পাইকুড়া বাজার সড়কের সুন্দাইল গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত পদক্ষেপ না নিলে যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। সরেজমিনে দেখা গেছে, সুন্দাইল গ্রামের গ্রামীণ পাকা সড়কের বহুদিনের পুরোনো কালভার্টটির নিচের মাটি ধসে একপাশের গাইডওয়াল ভেঙে গেছে। বৃষ্টির পানিতে পাকা রাস্তার কার্পেটিংয়ের নিচের সব মাটি সরে গিয়ে বড় গর্তের সৃষ্টি হয়েছে। ফলে যানবাহন ও পথচারী চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। সুন্দাইল, মদনপুর, গাংগাইল, গয়েশপুরসহ আশপাশের বেশ কয়েকটি গ্রাম এবং পার্শ্ববর্তী কেন্দুয়ার হাটবাজারে যোগাযোগের একমাত্র রাস্তা এটি। নান্দাইল উপজেলা প্রকৌশলী (এলজিইডি) গোলাম কিবরিয়া পিয়াল বলেন, বিষয়টি আমি অবগত আছি। এই মুহূর্তে কোনো বরাদ্দ নেই, তবে দ্রুত মেরামতের চেষ্টা করা হচ্ছে।