অভয়নগরের নওয়াপাড়ায় ভৈরব নদে গোসলে নেমে ফাতেমা আক্তার বর্ণা (২৮) নামে এক গৃহবধূ নিখোঁজ হয়েছেন। শুক্রবার দুপুরে নওয়াপাড়ার সরদার মিলসংলগ্ন মালোপাড়া মহিলা ঘাটে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ বর্ণা উপজেলার মশরহাটি গ্রামের হাবিবুর রহমানের মেয়ে। প্রত্যক্ষদর্শী ও বর্ণার ছোট ভাই মেহেদী হাসান জানান, শুক্রবার তারা একসঙ্গে ভৈরব নদে গোসলে নামেন। একপর্যায়ে বর্ণা নদীতে ঝাঁপ দিলে পানির নিচে তলিয়ে যান। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও তাকে উদ্ধার করতে পারেনি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। পরে খুলনা থেকে আসা ডুবুরি দলও উদ্ধারকাজে যোগ দেয়। সন্ধ্যা পর্যন্ত ওই নারীর সন্ধান পাওয়া যায়নি।