নরসিংদীর মনোহরদী উপজেলায় পুকুরে গোসল করতে নেমে মামাতো-ফুফাতো সম্পর্কে তিন বোন মারা গেছে। শনিবার (৪ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার খিদিরপুর ইউনিয়নের চর আহমদপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার সাইফুল ইসলামের মেয়ে ফাতেমা (৮), তুহিন মিয়ার মেয়ে আয়েশা ওরফে আশামনি (১২) এবং মুফাচ্ছের মিয়ার মেয়ে সুমাইয়া (১৩)। তাদের মধ্যে দুইজন স্থানীয় একটি কওমি মাদ্রাসার চতুর্থ শ্রেণির এবং একজন পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, ফাতেমা ও আশামনি চর আহমদপুর গ্রামের খোরশেদ মিয়ার ছেলে ও মেয়ের ঘরের নাতনি। অপরদিকে সুমাইয়া খোরশেদ মিয়ার ছোট ভাইয়ের মেয়ে। শনিবার দুপুরে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নামে তারা। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তাদের ফিরে না আসায় বাড়ির এক শিশু বিষয়টি পরিবারের সদস্যদের জানায়। পরে স্বজন ও স্থানীয়রা পুকুরে নেমে তিন শিশুকে উদ্ধার করেন। দ্রুত হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেওয়া হলেও ততক্ষণে তাদের মৃত্যু হয়।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর বাদশা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এটি অত্যন্ত মর্মান্তিক ও বেদনাদায়ক ঘটনা। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।