রাজশাহীর গোদাগাড়ীর হেরোইন সাম্রাজ্যে নতুন এক মাফিয়ার আবির্ভাব হয়েছে। তার নাম নাসির উদ্দিন। একসময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সোর্স হিসেবে কাজ করা নাসির এখন নিজেই হেরোইন কারবারি বলে অভিযোগ পাওয়া গেছে। যদিও নাসির তা অস্বীকার করেছেন।
নাসিরের বাড়ি গোদাগাড়ী পৌরসভার মহিষালবাড়ি মাদ্রাসাসংলগ্ন এলাকায়। তাঁর মা নূরনাহার বেগমও হেরোইনের কারবারের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। মা-ছেলের বিরুদ্ধে একাধিক মাদকের মামলা হয়েছে। আর নাসির নিজেকে ‘সিক্রেট মাফিয়া’ বলেও ঘোষণা দিয়েছেন ফেসবুকে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, নাসিরের মা নুরনাহার বেগম অনেক আগে থেকে এলাকায় খুচরা হেরোইন বিক্রি করতেন। তাঁকে নিজ বাড়ি থেকে হেরোইনসহ দুইবার গ্রেপ্তার করে পুলিশ। মায়ের কাছেই হেরোইন কারবারে হাত পাকে নাসিরের। পরে শাটারিং মিস্ত্রির কাজ ছেড়ে তিনি জড়িয়ে পড়েন এই কারবারে। তখন তিনি পুলিশের সোর্স হিসেবেও কাজ করেন।
শুধু তাই নয়, ১৪ জুলাই এআইয়ের মাধ্যমে গোদাগাড়ী থানার সামনে নিজের ছবি বসিয়ে ফেসবুকে পোস্ট করেছেন। বৃহস্পতিবার তিনি ফেসবুকে ছবি দিয়ে ক্যাপশনে লিখেছেন ‘সিক্রেট মাফিয়া’।
যোগাযোগ করা হলে নাসির উদ্দিন বলেন, ‘আমি কোনো দিন হেরোইন কারবার করিনি।’
এ বিষয়ে গোদাগাড়ী থানার ওসি আতিকুর রহমান বলেন, ‘আমরা খোঁজখবর নিয়ে দেখব।’








