চট্টগ্রাম নগরের যানজট কমাতে বেসরকারি হাসপাতালগুলোকে নিজস্ব পার্কিং ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। নির্ধারিত মান অনুযায়ী পার্কিং ব্যবস্থা গড়ে না তুললে সংশ্লিষ্ট হাসপাতালের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সিডিএ চেয়ারম্যান বেলায়েত হোসেন।
সোমবার (২০ জুলাই) নগরের বিভিন্ন বেসরকারি হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
সকালে সিডিএর একটি উচ্চক্ষমতাসম্পন্ন দল নগরের মেট্রোপলিটন হাসপাতাল, রয়েল হাসপাতাল, মেডিকেল সেন্টার ও সিএসসিআর হাসপাতালসহ কয়েকটি প্রতিষ্ঠান পরিদর্শন করে। দলে সিডিএর প্রধান প্রকৌশলী আহমেদ আনোয়ারুল নজরুল, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. সেলিম, এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্প পরিচালক মাহফুজুর রহমান, অথরাইজড অফিসার-১ কাজী কাদের নেওয়াজ এবং অথরাইজড অফিসার-২ মো. তানজীব হোসেন উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে সিডিএ চেয়ারম্যান বলেন, নগরের যানজটের অন্যতম কারণ বেসরকারি হাসপাতালগুলোর অপর্যাপ্ত পার্কিং ব্যবস্থা। অনেক হাসপাতাল ভবন নির্মাণের সময় অনুমোদিত নকশা ও ইমারত নির্মাণ বিধিমালা অনুসরণ করেনি। ফলে রোগী ও স্বজনদের যানবাহন সড়কে দাঁড় করানো হচ্ছে, যা যানজট বাড়াচ্ছে।
তিনি বলেন, মেট্রোপলিটন হাসপাতালের পার্কিং ব্যবস্থা তুলনামূলক ভালো হলেও সেটিও প্রয়োজনের তুলনায় যথেষ্ট নয়। অন্যদিকে সিএসসিআর হাসপাতাল, মেডিকেল সেন্টার ও রয়েল হাসপাতালের পার্কিং ব্যবস্থা অসন্তোষজনক। এসব প্রতিষ্ঠানকে অনুমোদিত নকশা অনুযায়ী দ্রুত পর্যাপ্ত পার্কিং সুবিধা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
বেলায়েত হোসেন বলেন, অধিকাংশ বেসরকারি হাসপাতাল পর্যাপ্ত পার্কিং ছাড়াই বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করছে। আংশিক পার্কিং ব্যবস্থা গ্রহণযোগ্য নয়। হাসপাতালের আকার ও প্রয়োজন অনুযায়ী স্থায়ী পার্কিং নিশ্চিত করতে হবে। অন্যথায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, সিডিএ, চট্টগ্রাম সিটি করপোরেশন, ওয়াসা ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) সমন্বিতভাবে নগরের যানজট নিরসনে কাজ করছে। নগরবাসীর দুর্ভোগ কমাতে এ বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
সিডিএ চেয়ারম্যান জানান, পরবর্তী পরিদর্শনে যেসব হাসপাতালে প্রয়োজনীয় পার্কিং ব্যবস্থা পাওয়া যাবে না, সেগুলোর বিরুদ্ধে কোনো অজুহাত গ্রহণ না করে সরাসরি আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমআরএএইচ/এমআইএইচএস








