ঝিনাইদহের কোটচাঁদপুরে ভবন ভাঙার সময় বিদ্যুৎস্পৃষ্টে ইয়ানুর হোসেন নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। সোমবার (২০ জুলাই) বেলা ১১টার দিকে কোটচাঁদপুর সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের পুরাতন ভবন ভাঙার সময় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ইয়ানুর হোসেন জেলার কালীগঞ্জ উপজেলার হেলাই গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, সকালে কোটচাঁদপুর সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের একটি পুরাতন ভবন ভাঙার কাজ করছিলেন ইয়ানুরসহ কয়েকজন শ্রমিক। ভবন ভাঙার একপর্যায়ে অসাবধানতাবশত ইয়ানুরের হাতে থাকা একটি রড পাশে থাকা বিদ্যুতের মেইন লাইনের তারের সংস্পর্শে আসে। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা দ্রুত কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

বিদ্যুৎস্পৃষ্টে চারতলা থেকে ছিটকে পড়ে শ্রমিকের মৃত্যু

কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক বলেন, হাসপাতালে পৌঁছানোর আগেই ইয়ানুর হোসেন নামে ওই ব্যক্তি নিহত হয়েছেন।

কোটচাঁদপুর থানার ওসি (তদন্ত) আনসারুল হক ইসলাম বলেন, বিদ্যুৎস্পৃষ্টে একজন নির্মাণ শ্রমিকের নিহতের খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্ত শেষে মৃত ব্যক্তির পরিবার ও স্বজনদের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মরদেহ এখন কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।

এম শাহাজান/এসজেডএইচ/এএসএম