নীলফামারী-৪ আসনের সাবেক সংসদ সদস্য সাদ্দাম হোসেন পাভেলকে রাজধানীর নিউ মার্কেট থানার একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (২২ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলাম মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি শেষে তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন। জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ।
আদালত সূত্রে জানা যায়, ২০২৫ সালের ৪ সেপ্টেম্বর রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকা থেকে সাদ্দাম হোসেন পাভেলকে গ্রেফতার করা হয়। পরদিন নিউ মার্কেট থানায় ঢাকা কলেজের শিক্ষার্থী মাজেদুল ইসলামকে হত্যাচেষ্টার মামলায় তাকে গ্রেফতারদেখিয়ে কারাগারে পাঠানো হয়।
ওই মামলায় গত ১৮ মে উচ্চ আদালত থেকে জামিন লাভ করেন তিনি। তবে মুক্তির আগে গত ১৫ জুলাই নিউ মার্কেট থানায় দায়ের করা আরেকটি হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেফতার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা, থানার উপ-পরিদর্শক (এসআই) ওমর ফারুক। আদালত শুনানির জন্য বুধবার দিন নির্ধারণ করেন।
নির্ধারিত দিনে সাদ্দাম হোসেন পাভেলকে আদালতে হাজির করা হলে রাষ্ট্রপক্ষে আইনজীবী হারুন অর রশিদ তাকে গ্রেফতার দেখানোর পক্ষে যুক্তি উপস্থাপন করেন।
অন্যদিকে, আসামিপক্ষে আইনজীবী গোলাম রাব্বানীসহ কয়েকজন আইনজীবী আবেদনটির বিরোধিতা করে তাকে গ্রেফতার না দেখানোর আবেদন জানান।
উভয়পক্ষের শুনানি শেষে আদালত তদন্ত কর্মকর্তার আবেদন মঞ্জুর করে সাদ্দাম হোসেন পাভেলকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, ২০২৪ সালের ১৬ জুলাই রাজধানীর নিউ মার্কেট এলাকায় আন্দোলনে অংশ নেন ২০ বছর বয়সী মুহাম্মদ শামীম। অভিযোগ অনুযায়ী, সে সময় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের হামলায় তিনি গুরুতর আহত হন।
পরবর্তীতে মুহাম্মদ শামীম বাদী হয়ে নিউ মার্কেট থানায় হত্যাচেষ্টার মামলা দায়ের করেন। মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ১১৬ জনকে আসামি করা হয়েছে।
এমডিএএ/এমএএইচ/








