দীর্ঘদিনের অপেক্ষা ও পরিকল্পনায় পরিবর্তনের পর অবশেষে শুটিংয়ে যাচ্ছে ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস অভিনীত নতুন সিনেমা ‘শিকার’। বছরের শুরুতে ওয়েব ফিল্ম হিসেবে ঘোষণা দেওয়া হলেও এখন এটি নির্মিত হচ্ছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে। নির্মাতারা সিনেমাটি শেষ করে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার পরিকল্পনা করেছেন।সিনেমাটির পরিচালক কামরুজ্জামান রোমান জানান, গত মার্চে শুটিং শুরু হওয়ার কথা থাকলেও প্রি-প্রোডাকশনের কাজ শেষ হতে দেরি হওয়ায় তা সম্ভব হয়নি। সব প্রস্তুতি সম্পন্ন হওয়ায় চলতি মাসেই শুরু হচ্ছে দৃশ্যধারণ।ওয়েব ফিল্ম থেকে পূর্ণদৈর্ঘ্য সিনেমায় রূপান্তরের বিষয়ে নির্মাতা বলেন, “প্রি-প্রোডাকশনের সময় বাজেট, গল্প ও শিল্পী নির্বাচনসহ সবকিছু বিবেচনা করে আমাদের মনে হয়েছে, গল্পটি বড় পর্দার জন্যই বেশি উপযোগী। পরে প্রযোজনা প্রতিষ্ঠান রেজা ফিল্মসের সঙ্গে আলোচনা করে সিনেমা নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়।”নির্মাতার ভাষ্য অনুযায়ী, ‘শিকার’-এর বেশির ভাগ শুটিং হবে নেপালে। চলতি মাসের মাঝামাঝি সময়ে পুরো ইউনিট সেখানে যাবে। ইতোমধ্যে সিনেমার একটি রোমান্টিক গানের রেকর্ডিং সম্পন্ন হয়েছে। ‘দুজন মিলে বাঁচব এক জীবন’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল ও নাজমুন মুনিরা ন্যান্সি। গানটির কথা লিখেছেন কবির বকুল, আর সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান মাহমুদুল।পাশাপাশি আকাশ মাহমুদ-এর সুরে আরও একটি স্যাড ঘরানার গানের রেকর্ডিংও সম্পন্ন হয়েছে। সীমান্তবর্তী এলাকার গল্প নিয়ে নির্মিত এই থ্রিলারধর্মী সিনেমায় অপু বিশ্বাসকে দেখা যাবে এক গ্ল্যামারাস চরিত্রে। নির্মাতার দাবি, ছবিটির সবচেয়ে বড় শক্তি এর গল্প। ভিন্নধর্মী নির্মাণ ও উপস্থাপনার মাধ্যমে দর্শকদের নতুন অভিজ্ঞতা দেওয়ার প্রত্যাশা করছেন তিনি।
এ সিনেমায় অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা মুরতজা পলাশ। পরিচালক জানান, নাটকে তার অভিনয় দেখেই এই চরিত্রের জন্য তাকে নির্বাচন করা হয়েছে। আবদুল্লাহ জহির বাবু রচিত গল্প ও চিত্রনাট্যে নির্মিত ‘শিকার’ নিয়ে ইতোমধ্যেই দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।








