নারী শিক্ষার্থীদের রাজনীতিবিমুখতা দূর করে নেতৃত্ব ও অধিকার সম্পর্কে সচেতন করে তোলার লক্ষ্য নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বীর প্রতীক তারামন বিবি হলে ৫৪ ও ৫৫ তম ব্যাচের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। আয়োজকদের ভাষ্য, প্রশাসন, শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে কার্যকর সম্পৃক্ততা গড়ে তোলাই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।

বুধবার (৮ জুলাই) রাত ৮টায় হলের কমন রুমে তারামন বিবি হল শাখা ছাত্রদল এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানের আহ্বায়ক ও হল শাখা ছাত্রদলের সভাপতি তাইয়্যেবা রাজিয়া মুসকান বলেন, “আমাদের নারী শিক্ষার্থীরা সাধারণত শুধু পড়াশোনা ও হলকেন্দ্রিক থাকেন। ফলে নিজেদের সামাজিক ও রাজনৈতিক অধিকারগুলো সঠিকভাবে তুলে ধরতে পারেন না। মেয়েদের এই রাজনীতিবিমুখতা দূর করে তাদের সচেতন করতেই বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষকদের সম্পৃক্ত করে এই অনুষ্ঠানের আয়োজন করেছি।”

তিনি আরো বলেন, “একটি ছাত্রসংগঠনের দায়িত্ব শুধু রাজনীতি করা নয়, দলমত নির্বিশেষে সাধারণ শিক্ষার্থীদের অধিকার ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে কাজ করা। সে জন্য প্রশাসন ও শিক্ষকদের সঙ্গে শিক্ষার্থীদের কার্যকর যোগাযোগ থাকা প্রয়োজন।”

অনুষ্ঠানে বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক শামীমা সুলতানা বলেন, “গত ১৬-১৭ বছরে নেতিবাচক অভিজ্ঞতার কারণে রাজনীতি সম্পর্কে অনীহা তৈরি হয়েছে। কিন্তু রাজনৈতিকভাবে সচেতন না হলে দেশের জন্য কার্যকর ভূমিকা রাখা সম্ভব নয়।”

ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক নাহরিন ইসলাম খান বলেন, “বাংলাদেশের ৫০ শতাংশের বেশি নারী যদি ঐক্যবদ্ধ থাকে এবং সঠিক শিক্ষায় শিক্ষিত হয়, তাহলে তাদের দমিয়ে রাখা সম্ভব নয়।”

প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বলেন, “বিশ্ববিদ্যালয় হচ্ছে ভবিষ্যৎ গড়ে তোলার জায়গা। প্রত্যেক শিক্ষার্থীই একজন শিল্পী, আর তার সবচেয়ে বড় শিল্পকর্ম হচ্ছে নিজের ভবিষ্যৎ।”

নৈতিকতার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “শুধু মেধাবী হলেই হবে না, নৈতিকভাবে আলোকিত মানুষ হতে হবে। নৈতিকতা না থাকলে সাফল্য কখনো স্থায়ী হয় না।” একই সঙ্গে তিনি শিক্ষার্থীদের বস্তুনিষ্ঠ ইতিহাসচর্চা এবং নির্মোহ ইতিহাস রচনায় ভূমিকা রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন বীর প্রতীক তারামন বিবি হলের প্রাধ্যক্ষ অধ্যাপক আবেদা সুলতানা, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মো. শামছুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মুহাম্মদ নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুর রব এবং সহকারী প্রক্টর ও ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক আবু সাঈফ মো. মুনতাকিমুল বারী।