বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের সকাল ৯টার মধ্যে নিজ দপ্তরে প্রবেশসহ ছয়টি নির্দেশনা দেওয়া হয়েছে। দাপ্তরিক শৃঙ্খলা সমুন্নত রাখা ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে এমন নির্দেশনা দেওয়া হয়েছে। এসব নির্দেশনা না মানলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে বোর্ড।

বৃহস্পতিবার (৯ জুলাই) মাদরাসা শিক্ষা বোর্ডের এক অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।

বোর্ডের নির্দেশনা

• সব কর্মকর্তা ও কর্মচারীকে কর্মদিবসে সকাল ৯টার মধ্যে নিজ নিজ দপ্তরে উপস্থিত থাকতে হবে।

• অফিস সময় শেষ হওয়ার আগে কেউ নিজ দপ্তর ত্যাগ করবে না।

• অফিস চলাকালীন দাপ্তরিক বা জরুরি প্রয়োজনে কর্মকর্তা-কর্মচারীদের নিজ বিভাগের প্রধানের (রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, পরিদর্শক ও প্রকাশনা নিয়ন্ত্রক) অনুমতি নিয়ে সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯ এর তফসিল অনুযায়ী ডিজিটাল হাজিরা দিয়ে অফিস ত্যাগ করতে হবে।

• বোর্ডের সব আঞ্চলিক অফিসের কর্মকর্তা ও কর্মচারীকে সাপ্তাহিক বা অন্যান্য ছুটির দিনে কর্তৃপক্ষের অনুমতি নিয়ে কর্মস্থল ত্যাগ করতে হবে।

আরও পড়ুন

সব মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে পিটি-খেলাধুলা বাধ্যতামূলক

এদিকে, চলমান আলিম পরীক্ষা চলাকালে অফিসে উপস্থিতিসহ বিভিন্ন কার্যক্রমের জন্য পৃথক নির্দেশনাও দিয়েছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড।

তাতে বলা হয়, আলিম পরীক্ষা-২০২৬ চলাকালীন পরীক্ষার দিনগুলোতে সব কর্মকর্তা-কর্মচারীকে সকাল সাড়ে ৮টার মধ্যে নিজ নিজ দপ্তরে উপস্থিত থাকতে হবে।

আলিম পরীক্ষা চলাকালীন প্রতি শনিবার পরীক্ষা শাখা, আইসিটি সেল, কম্পিউটার শাখা, প্রশাসন (সংস্থাপন) ও পরীক্ষা সংশ্লিষ্ট সব কর্মকর্তা-কর্মচারীকে নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত থাকতে হবে।

কোনো কর্মকর্তা-কর্মচারী বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত, অফিস ত্যাগ, বিলম্বে অফিসে উপস্থিত হলে তার বিরুদ্ধে সরকারি কর্মচারী শৃঙ্খলা (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯ ও সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮ অনুযায়ী শৃঙ্খলামূলক ব্যবস্থা নেওয়া হবে।

এএএইচ/ইএ