কম্বাইন্ড ডিগ্রিধারী শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) ১৮ জন প্রার্থী ৪৭তম বিসিএসের প্রফেশনাল ক্যাডারে সুপারিশ না পাওয়ার কারণ ব্যাখ্যা, সমস্যার সমাধান নিশ্চিত করাসহ চার দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের অ্যানিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন (এএসভিএম) অনুষদের শিক্ষার্থীরা।
গত ৫ জুলাই শুরু হওয়া এ আন্দোলনের পঞ্চম দিনে বৃহস্পতিবার (৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের এম মাহবুবউজ্জামান একাডেমিক ভবনের সামনে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। পরে তারা ব্যতিক্রমী হিউম্যান ফরমেশনের মাধ্যমে ‘SAVE ASVM’ বার্তা তুলে ধরেন। এসময় বিভিন্ন স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা।
কর্মসূচিতে উপস্থিত হয়ে এএসভিএম অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘আমি তোমাদের আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করছি। আমরা বিষয়টি নিয়ে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। আগামীকাল ডিন কাউন্সিলের সভায় আমরা বিষয়গুলো তুলে ধরব।’
এসময় তিনি সমস্যার সমাধানে চলমান উদ্যোগের বিভিন্ন অগ্রগতির তথ্যও তুলে ধরেন। পরে তিনি শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান জানালেও আন্দোলনকারীরা তা তাৎক্ষণিকভাবে প্রত্যাখ্যান করেন।
এর আগে বুধবার (৮ জুলাই) এএসভিএম অনুষদের সেমিনার কক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসন, অনুষদের ডিন, শিক্ষক এবং শিক্ষার্থী প্রতিনিধিদের অংশগ্রহণে প্রায় আড়াই ঘণ্টাব্যাপী বৈঠক হয়। বৈঠকে সমস্যা সমাধানে বিশ্ববিদ্যালয় প্রশাসন, অ্যালামনাই, শিক্ষক ও শিক্ষার্থী প্রতিনিধিদের সমন্বয়ে দুটি কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়, যারা বিষয়টি সমাধানে সরাসরি কাজ করবেন। তবে বৈঠকে প্রশাসনের পক্ষ থেকে ক্লাস ও পরীক্ষায় ফেরার আহ্বান জানানো হলেও শিক্ষার্থীরা তা প্রত্যাখ্যান করেন।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা কোনোভাবেই ক্লাসে ফিরব না। একই সঙ্গে তারা জানান, আন্দোলনটি দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
এমডিএসএ/এমআইএইচএস








