বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে নিজের পারফরম্যান্স নিয়েই বিস্ময় প্রকাশ করেছেন নরওয়ের তারকা স্ট্রাইকার আরলিং হালান্ড। তিনি বলেছেন, চলতি আসরে সাত গোল করে দলকে শেষ আটে তুলতে পারবেন, এমনটা তিনি নিজেও কল্পনা করেননি।

ব্রাজিলের বিপক্ষে জোড়া গোল করে নরওয়েকে ২-১ ব্যবধানে জেতানোর নায়ক ছিলেন হালান্ড। তবে সেই সাফল্যকেও অবিশ্বাস্য মনে হচ্ছে তার কাছে।

হালান্ড বলেন, ‘সত্যি বলতে, আমি এটা একদমই আশা করিনি। ব্রাজিল ম্যাচের আগেও এমন কিছু কল্পনা করিনি, এখনও করছি না। নরওয়ের হয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলছি-এটাই আমার কাছেও বিস্ময়কর।’

তিনি আরও বলেন, ‘ব্রাজিলের বিপক্ষে খেলাটাই আমাদের মতো নরওয়েজিয়ানদের জন্য অবিশ্বাস্য ছিল। তাদের হারিয়ে এখন ইংল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল খেলব-এটি খুবই বিশেষ একটি মুহূর্ত। নরওয়ের ফুটবল ইতিহাসে এমন ঘটনা স্বাভাবিক নয়।’

চলতি বিশ্বকাপে হালান্ড এখন পর্যন্ত সাত গোল করেছেন। গোল্ডেন বুটের দৌড়ে তিনি লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপের সঙ্গে যৌথভাবে শীর্ষে রয়েছেন। অন্যদিকে ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন করেছেন ছয় গোল।

তবে হালান্ড মনে করেন, কোয়ার্টার ফাইনালে জয়ের চাপ নরওয়ের নয়, বরং ইংল্যান্ডের ওপরই বেশি। ‘অবশ্যই জয়ের চাপ ইংল্যান্ডের ওপর। বিশ্বকাপ জেতার সম্ভাবনা এখনও আমাদের খুব বেশি নয়। আরও কয়েকটি দল পরিষ্কারভাবে ফেবারিট, আর ইংল্যান্ড তাদের অন্যতম। তাই সব চাপ ইংলিশ খেলোয়াড়দের ওপরই থাকা উচিত’-হাস্যরসের সঙ্গেই বলেন নরওয়ের এই গোলমেশিন।

শনিবার মায়ামির হার্ড রক স্টেডিয়ামে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে ইংল্যান্ড ও নরওয়ে। এই ম্যাচের বিজয়ী দল সেমিফাইনালে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ডের মধ্যকার ম্যাচের জয়ী দলের মুখোমুখি হবে।

আরআর/এমএমআর