নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, ‘সংসদ নির্বাচন পর্যবেক্ষণ সংক্রান্ত অনেক সুপারিশ পেয়েছি। এসব সুপারিশ পর্যালোচনা করে স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিতে পারব আশা করি। সুপারিশ পর্যালোচনার পর সামনের নির্বাচনে সংস্কার অগ্রাধিকার ও বাস্তবায়নের চেষ্টা হবে।’

বুধবার রাজধানীর একটি হোটেলে অংশীজনের অংশগ্রহণে আয়োজিত দুদিনব্যাপী সংলাপের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। নির্বাচন কমিশন (ইসি), ইউরোপীয়ান পার্টনারশিপ ফর ডেমোক্রেসি (ইপিবি) ও ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেকট্রোরাল সিস্টেম (আইএফইএস) যৌথভাবে এ সংলাপ আয়োজন করে।

জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচন ভিন্ন আইনি কাঠামোর আওতায় অনুষ্ঠিত হয় উল্লেখ করে ইসি সানাউল্লাহ বলেন, ’সংশ্লিষ্ট নির্বাচনি আইনগুলো পর্যালোচনা ও সংস্কারের কাজ চলছে। নির্বাচন-পরবর্তী মূল্যায়নও সম্পন্ন করেছে কমিশন। সব অংশীজনকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চাই।’

তিনি বলেন, ’নির্বাচনের আগে-পরে পর্যবেক্ষক গ্রুপ ও অংশীজনের মতামত নিয়েছি। সবার সহযোগিতা পেয়েছি। এ সংলাপের মাধ্যমে নির্বাচন আরও কিভাবে অন্তর্ভুক্তিমূলক করা যায়, সেসব সুপারিশ আসবে বলে আশা করি। গণতন্ত্রের উত্তরণে এটি চলমান প্রক্রিয়া।’

সংলাপে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার উন্নয়নে ভবিষ্যতেও সম্পৃক্ত থাকতে চায় ইউরোপীয় ইউনিয়ন। বিশেষ করে নারী, সংখ্যালঘু ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অংশগ্রহণ বাড়াতে নির্বাচন কমিশনের সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। তিনি বলেন, ‘ইতোমধ্যে আমাদের রিপোর্টে সুনির্দিষ্ট ১৯টি সুপারিশ তুলে ধরেছি। এ কর্মশালার মাধ্যমে আলোচনা করে আরও সুপারিশ আসবে আশা করি। এরপর অগ্রাধিকার নির্ধারণ করে সেগুলো কাজে লাগাতে হবে। অংশীজনরা গণতান্ত্রিক নির্বাচনে ভূমিকা রেখেছে। নির্বাচন কমিশন সামনের দিনগুলোতে পর্যবেক্ষণ সুপারিশ এগিয়ে নিয়ে যাবে আশা করি।’

ইউরোপিয়ান পার্টনারশিপ ডেভেলপমেন্টের (ইপিডি) মিশেল লিডাউয়ের বলেন, ‘ইতোমধ্যে আমাদের পর্যবেক্ষণ তুলে ধরা হয়েছে। এ কর্মশালা থেকে পাওয়া সুপারিশ ভবিষ্যতের কর্মপন্থা তৈরিতে সহায়তা করবে। স্থানীয় নির্বাচনে কাজে লাগবে।’

সংলাপের বিভিন্ন সেশনে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার ও ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ (অব.) এবং নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ অংশ নিচ্ছেন।