জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, জনগণের স্বার্থের চেয়ে নির্বাচনের স্বার্থকে প্রাধান্য দিয়ে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে। যে সরকার নির্বাচনের স্বার্থে জনগণের সঙ্গে ধোঁকা দিতে পারে, দেশ পরিচালনার ক্ষেত্রেও তারা জনগণকে ধোঁকা দিতে পারে।
মঙ্গলবার (১৪ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার নিমতলা এলাকায় জুলাই পদযাত্রার কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, রাষ্ট্রকাঠামো সংস্কারের দাবিতে তারা গণভোটের আয়োজন করেছিলো। সেখানে ৭০ শতাংশ মানুষ সংস্কারের পক্ষে মত দিয়েছিলেন। কিন্তু নির্বাচন পরবর্তী সময়ে সেই জনমত উপেক্ষা করে ফলাফল পরিবর্তন করা হয়েছে।
অতীতের ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আগে ভোট চুরি হতো ভোটগ্রহণের আগে, আর এবার জনগণের মতামতই চুরি করা হয়েছে।
এনসিপি নেতা বলেন, জুলাই আন্দোলনে রাস্তায় নামা তরুণদের অবদান অস্বীকার করা যায় না। কিন্তু তাদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন করা হয়নি।
তিনি অভিযোগ করেন, শিশু-কিশোরদের ফার্মের মুরগি বলা হচ্ছে। অথচ তাদের আত্মত্যাগের ওপর দাঁড়িয়েই আজ অনেকে ক্ষমতায় গেছেন।
আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন, দলটির শীর্ষ নেতৃত্ব দেশের মানুষের স্বার্থ রক্ষায় আন্তরিক নয়। পাশাপাশি সিরাজদিখানে জমি দখলের অভিযোগ তুলে তিনি দাবি করেন, আওয়ামী লীগ- সংশ্লিষ্টদের দখল করা অনেক জমি ৫ আগস্টের পর হাতবদল হয়েছে, কিন্তু স্থানীয় জনপ্রতিনিধিরা কার্যকর ব্যবস্থা নেননি।
সবশেষে তিনি বিএনপির দীর্ঘদিনের ত্যাগী নেতাকর্মীদের এনসিপিতে যোগ দেওয়ার আহ্বান জানান এবং বলেন, দেশের গণতন্ত্র ও জনগণের স্বার্থ রক্ষায় এনসিপি আন্দোলন চালিয়ে যাবে।
পুলিশ সংস্কারের দাবি জানিয়ে এনসিপি নেতা বলেন, পুলিশকে নির্দলীয় ও স্বাধীন করার পরিবর্তে আবারও দলীয়করণের চেষ্টা চলছে। একইভাবে সাংবাদিকদেরও দলীয়করণের অভিযোগ তুলে তিনি স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের দাবি জানান।
এ সময় কর্মসূচিতে আরও বক্তব্য দেন এনসিপির যুগ্ম আহ্বায়ক আলী হাসান জুনায়েদ, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দার, আবু বকর মজুমদার, মুন্সিগঞ্জ জেলা আহ্বায়ক মাজেদুল ইসলাম এবং জেলা সদস্য সচিব আব্দুল আলীম।
এছাড়াও দলটির জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা সমাবেশে উপস্থিত ছিলেন।
শুভ ঘোষ/এনএইচআর/এএসএম








