নোয়াখালীর বেগমগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মো.আব্দুর রহমান সুমন (৩৮) নামে এক কৃষি কর্মকর্তা মারা গেছেন।

শনিবার (১৮ জুলাই) উপজেলার চৌমুহনী-ছমিরমুন্সিরহাট সড়কের রোহিতার পোল এলাকায় দুর্ঘটনার শিকার হন তিনি।

নিহত সুমন জেলার সোনাইমুড়ী উপজেলার নাটেশ্বর ইউনিয়নের আব্দুর রশীদ খানের ছেলে। তিনি বেগমগঞ্জে উপ-সহকারী কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।  

স্থানীয়রা জানান, সকালে সুমন শ্বশুর বাড়ি থেকে বেগমগঞ্জের একলাশপুর ইউনিয়নে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ করার জন্য মোটরসাইকেলে রওনা হন।  উপজেলার চৌমুহনী-ছমিরমুন্সিরহাট সড়কের রোহিতার পোল এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ট্রাক তাকে বহনকারী মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই মারা যান সুমন। দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে যান।

বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান জানান, পুলিশ ঘাতক ট্রাকটি জব্দ করে থানায় এনেছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।