নোয়াখালীর বেগমগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুর্বৃত্তদের গুলিতে জেলা বিএনপি নেতা হাজী আবুল কাশেমসহ (৬০) দুইজন গুলিবিদ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দিবাগত রাত পৌনে ১২টার দিকে চৌমুহনী বাজারের হকার্স মার্কেটের মূল গলির ওবায়দুলের চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে।

আহত আবুল কাশেম জেলা বিএনপির সাবেক ধর্মবিষয়ক সম্পাদক এবং বর্তমানে চৌমুহনী বাজারের নোয়াখালী জাতীয় হকার্স সমবায় সমিতি লিমিটেডের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। অপরজন তার ঘনিষ্ঠ সহযোগী ও চৌমুহনী হকার্স মার্কেটের ফার্মেসি ব্যবসায়ী ইয়াছিন সেন্টু (৪৫)।

তাদেরকে ২৫০ শয্যার নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হলে আশঙ্কাজনক অবস্থায় ইয়াছিন সেন্টুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

নোয়াখালীতে দুর্বৃত্তের গুলিতে বিএনপি নেতাসহ আহত ২

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিএনপি নেতা হাজী আবুল কাশেম রাত পৌনে ১২টার দিকে চৌমুহনী হকার্স মার্কেটের অফিস থেকে বের হলে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। সঙ্গে থাকা ইয়াছিন বিষয়টি বুঝতে পেরে আবুল কাশেমকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন। এসময় গুলি আবুল কাশেমের হাতে লেগে ইয়াছিনের বুকের বাম পাশে বিদ্ধ হয়।

বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. হাবীবুর রহমান বলেন, দুর্বৃত্তদের গুলি একজনের হাতে ও অপরজনের বুকে বিদ্ধ হয়েছে। পুলিশ ঘটনার রহস্য উদঘাটনে চেষ্টা চালাচ্ছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার আ ন ম ইমরান খান বলেন, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিএনপি নেতা কাশেমকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। তা লক্ষ্যভ্রষ্ট হয়ে লাগে সহযোগীর বুকে। এ বিষয়ে পুলিশ তৎপর রয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, চৌমুহনী হকার্স মার্কেট দখলে নিতে বিএনপির ৩টি গ্রুপ সক্রিয় রয়েছে। দীর্ঘদিনের সভাপতি ও জেলা বিএনপির সাবেক নেতা কাশেমকে সরাতে এ ঘটনা বলে ধারণা করছেন স্থানীয় ব্যবসায়ীরা।

ইকবাল হোসেন মজনু/এফএ/জেআইএম