ডিমের ন্যায্যমূল্য নির্ধারণ, পোলট্রি খাদ্য ও ওষুধের দাম কমানোসহ পাঁচ দফা দাবিতে ঈশ্বরদীতে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন প্রান্তিক খামারিরা। এ সময় তারা প্রতীকী প্রতিবাদ হিসাবে মহাসড়কে ডিম ভেঙে সরকারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন। ঈশ্বরদী পোলট্রি খামারি অ্যাসোসিয়েশনের উদ্যোগে উপজেলার মুলাডুলি বাজার এলাকায় ঈশ্বরদী-নাটোর মহাসড়কে রোববার দুপুরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে খামারিদের হাতে বিভিন্ন দাবি-সংবলিত ব্যানার ও প্ল্যাকার্ড ছিল। তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে-ডিমের ন্যায্যমূল্য নির্ধারণ, কর্পোরেট কোম্পানির পরিবর্তে প্রান্তিক খামারিদের স্বল্পসুদে ঋণ প্রদান, পোলট্রি খাদ্য ও ভেটেরিনারি ওষুধের দাম কমানো এবং কর্পোরেট সিন্ডিকেট ভেঙে ক্ষুদ্র খামারিদের অগ্রাধিকার নিশ্চিত করা। মুলাডুলি বাজারের বিসমিল্লাহ ভেটেরিনারির মো. বিপ্লব হোসেন বলেন, একটি ডিম উৎপাদনে ৯ টাকার বেশি খরচ হলেও খামারিরা বর্তমানে ৭ টাকা ৮০ পয়সায় বিক্রি করতে বাধ্য হচ্ছেন। এতে তারা চরম লোকসানের মুখে পড়েছেন। খামারি মো. ইমদাদুল হক মিলন বলেন, খাদ্য ও ওষুধের লাগামহীন মূল্যবৃদ্ধির কারণে অনেক খামারি ব্যাংক ও এনজিওর ঋণ পরিশোধ করতেও হিমশিম খাচ্ছেন। তাই বাধ্য হয়ে তারা সড়কে নেমেছেন। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন বলেন, কর্মসূচির বিষয়ে আগে থেকে জানানো হয়নি। খামারিদের সঙ্গে কথা বলে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।








