রাজবাড়ীর পদ্মা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে ৩২ ও ২৬ কে‌জি ওজনের বিশাল আকৃ‌তির দুইটি বাঘাইড়। পরে মাছ ২টি ১ লাখ ১৪ হাজার ৬০০ টাকায় বিক্রি করা হয়েছে।

বৃহস্প‌তিবার (১৬ জুলাই) দৌলতদিয়া ৫ নম্বর ফে‌রি ঘাটের মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ এ তথ্য জানান।

তি‌নি জানান, বুধবার পদ্মার নদীর কলাবাগান এলাকায় জালে ধরা পড়ে ২৬ কে‌জি ওজনের এক‌টি বাঘাইড়‌। সন্ধ্যায় রেজাউল মন্ডলের আড়ত থেকে উন্মুক্ত নিলামের মাধ্যমে ১ হাজার ৬০০ টাকা কে‌জি দরে কিনেন। এবং আজ ভোরে মা‌নিকগ‌ঞ্জ দোহারের নয়ন হলদারের জালে ধরা পড়া ৩২ কে‌জি ওজনের বিশাল বাঘাইড়‌টি ২ হাজার টাকা কে‌জি দরে কিনে। সকালে অনলাইনে যোগাযোগ করে মাছ দুইটি সিলেটের এক আমে‌রিকা প্রবাসীর কাছে বি‌ক্রি করা হয়। এ সময় ২৬ কে‌জির বাঘাইড় ১ হাজার ৭০০ টাকা কে‌জি দরে ৪৪ হাজার ২০০ টাকা এবং ৩২ কে‌জির বাঘাইড় ২ হাজার ২০০ টাকা কে‌জি দরে ৭০ হাজার ৪০০ টাকাসহ মোট ১ লাখ ১৪ হাজার ৬০০ টাকায় বি‌ক্রি করেছেন।

‌‌তি‌নি আরও জানান, যি‌নি মাছ দুইটি নিয়েছেন তার আরও মাছ প্রয়োজন। আমে‌রিকা প্রবাসী এক ছেলের সঙ্গে তার ছোট বোনের বিয়ে। সেই অনুষ্ঠানের জন্য তি‌নি মাছ কিনেছেন।

রুবেলুর রহমান/এনএইচআর/এএসএম