ময়মনসিংহের গফরগাঁও উপজেলার আটটি ইউনিয়ন নিয়ে গঠিত পাগলা থানাকে ‘আদর্শনগর’ উপজেলায় উন্নীত করার প্রস্তাব সরকারিভাবে গৃহীত হয়েছে। এই খবর ছড়িয়ে পড়লে মঙ্গলবার (৩০ জুন) দুপুরে এলাকায় আনন্দ সমাবেশ ও মিছিল করেছেন স্থানীয় বাসিন্দারা।মঙ্গলবার দুপুরে প্রস্তাবিত ওই উপজেলার কান্দিপাড়া আস্কর আলী উচ্চবিদ্যালয় মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। পাগলা থানা বিএনপির আহ্বায়ক এ কে এম আনসার উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে স্থানীয় বিএনপির নেতাকর্মীসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ বক্তব্য দেন।বক্তারা পাগলা থানাকে নতুন উপজেলা হিসেবে ঘোষণা করায় সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে প্রস্তাবিত আদর্শনগর উপজেলার আওতায় কান্দিপাড়া পৌরসভা গঠন, ১০১ শয্যাবিশিষ্ট হাসপাতাল, ডায়াবেটিক হাসপাতাল, সাংস্কৃতিক কেন্দ্র ও টেকনিক্যাল স্কুল-কলেজসহ বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবি জানান।সমাবেশ শেষে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি কান্দিপাড়া আস্কর আলী উচ্চবিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে কান্দিপাড়া বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিদ্যালয় মাঠে এসে শেষ হয়। মিছিলে কয়েক হাজার মানুষ অংশ নেন।উল্লেখ্য, বেশ কিছু দিন ধরে প্রস্তাবিত এই উপজেলার নাম ‘পাগলা’ রাখা হবে নাকি ‘আদর্শনগর’ হবে-তা নিয়ে স্থানীয়দের মধ্যে পক্ষ-বিপক্ষ আন্দোলন ও নানা বিতর্ক চলছিল। অবশেষে ‘আদর্শনগর’ নামে উপজেলার প্রস্তাব গৃহীত হওয়ায় সেই বিতর্কের অবসান ঘটবে বলে মনে করছেন স্থানীয়রা।
রাজনীতি
পাগলা থানা এখন আদর্শনগর উপজেলা, এলাকায় উৎসব

শেয়ার করুন







