পবিত্র মহররম উপলক্ষে প্রচারিত একটি অনুষ্ঠান নিয়ে আপত্তির জেরে পাকিস্তানের গণমাধ্যম নিয়ন্ত্রক সংস্থা টেলিভিশন চ্যানেল জিও নিউজের সম্প্রচার লাইসেন্স ১৫ দিনের জন্য স্থগিত করেছে।
নিয়ন্ত্রক সংস্থাটি বলেছে, ২৬ জুন সম্প্রচারিত একটি অনুষ্ঠানে জিও নিউজ এমন কিছু ‘ধর্মীয় দৃশ্য’ প্রচার করেছে, যা মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করতে পারে, ধর্মীয় সম্প্রীতি নষ্ট করতে পারে এবং জনশৃঙ্খলা বিঘ্নিত হতে পারে।
সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংস্থা রিপোর্টার্স উইদাউট বর্ডারসের ২০২৬ সালের বিশ্ব সংবাদমাধ্যম স্বাধীনতা সূচকে ১৮০টি দেশের মধ্যে পাকিস্তানের অবস্থান ১৫৩তম।
সম্প্রচারিত ওই অনুষ্ঠানের বিষয়ে গতকাল রোববার জিও নিউজ ক্ষমা চেয়ে একটি বিবৃতি দিয়েছে। বিবৃতিতে বলেছে, অনুষ্ঠানটি ভুলবশত সম্প্রচারিত হয়েছিল এবং এটি চ্যানেলটির সম্পাদকীয় অবস্থান বা বিশ্বাসের প্রতিফলন নয়।
মহানবী হজরত মুহাম্মদ (সা.) এবং নবী–রাসুলদের চিত্রায়ণ পাকিস্তানে অত্যন্ত স্পর্শকাতর একটি বিষয়। পশ্চিমা দেশগুলোয় তাঁদের নিয়ে প্রকাশিত কার্টুনকে কেন্দ্র করে দেশটিতে বিভিন্ন সময়ে ব্যাপক বিক্ষোভ হয়েছে।
মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ পাকিস্তানে ধর্মীয় বিরোধ দ্রুত জনরোষের কারণ হয়ে উঠতে পারে। এ কারণে পবিত্র আশুরাকে কেন্দ্র করে পাকিস্তান সরকার নিরাপত্তা জোরদার করে।
পাকিস্তানের অন্যতম প্রধান বেসরকারি টেলিভিশন চ্যানেল জিও নিউজ জানিয়েছে, অনুষ্ঠানের বিতর্কিত অংশটি তাদের সব প্ল্যাটফর্ম থেকে সরিয়ে ফেলা হয়েছে।
চ্যানেলটি বলেছে, তাদের সম্প্রচারিত ফুটেজে ইরাক ও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের কিছু মানুষের পালন করা আচার-অনুষ্ঠান দেখানো হয়েছে। এর উদ্দেশ্য ছিল স্থানীয় রীতিনীতি তুলে ধরা, কোনো ধর্মীয় মতের সমর্থন করা নয়।
পাকিস্তানের গণমাধ্যম নিয়ন্ত্রক সংস্থা বলেছে, জিও নিউজ সম্পাদকীয় সতর্কতা অবলম্বনে ব্যর্থ হয়েছে। এ ঘটনায় চ্যানেলটিকে অভ্যন্তরীণ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি বিষয়টি নিয়ন্ত্রক সংস্থার অভিযোগ কাউন্সিলে পাঠানো হয়েছে।
পাকিস্তানে সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে দীর্ঘদিন ধরেই সমালোচনা রয়েছে। দেশটিতে টেলিভিশন চ্যানেলগুলোকে মাঝেমধ্যে নিয়ন্ত্রক সংস্থার পদক্ষেপ, সম্প্রচার স্থগিত এবং সম্প্রচারসংক্রান্ত বিধিনিষেধের মুখে পড়তে হয়।
সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংস্থা রিপোর্টার্স উইদাউট বর্ডারসের ২০২৬ সালের বিশ্ব সংবাদমাধ্যম স্বাধীনতা সূচকে ১৮০টি দেশের মধ্যে পাকিস্তানের অবস্থান ১৫৩তম।








