পলাশবাড়ীতে ৮২ ফুট উচ্চ রামমূর্তি নির্মাণ বন্ধের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন, সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে ‘ইনসাফ কায়েমকারী ছাত্র শ্রমিক জনতা, কুড়িগ্রাম’। সমাবেশে বক্তারা দাবি করেন, দীর্ঘদিন ধরে ভারতের কঠোর হিন্দুত্ববাদী আগ্রাসনের কারণে বাংলাদেশ ও ভারতের মুসলমানদের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি ক্ষতিগ্রস্ত হয়েছে।

পলাশবাড়ীতে রামমূর্তি নির্মাণের মাধ্যমে বাংলাদেশেও সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করা হচ্ছে। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হয়ে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার আহ্বান জানান তারা।

শনিবার দুপুরে কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে আয়োজিত কর্মসূচিতে সংগঠনটির সমন্বয়ক আখম আশরাফুর রহমান, শাহিনুর রহমান, মনজুরুল হক, আহমেদ তালুকদার ও রাসেল মিয়া বক্তব্য দেন।

বক্তারা অভিযোগ করেন, মূর্তি নির্মাণের উদ্যোগের পেছনে থাকা হরিদাস চন্দ্র তরণীদাস একজন চিহ্নিত প্রতারক। তিনি অতীতে প্রধানমন্ত্রীর পরিবারের প্রটোকল অফিসার পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করেছিলেন এবং পরে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে গ্রেফতার হন।

এ বিষয়ে অর্থের উৎস ও সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।