জামালপুরে পাওনা টাকা চাওয়ায় আনোয়ার হোসেন আকাশ নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার সকালে পৌর শহরের বেলটিয়া এলাকায় এ ঘটনা ঘটে। টনার পর থেকেই অভিযুক্ত পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন। জানা যায়, জামালপুর পৌর শহরের জিগাতলা মুন্সীবাড়ি এলাকার আকাশের পরিবারের সঙ্গে বেলটিয়া এলাকার সোমা নামে একজনের সঙ্গে দীর্ঘদিন টাকা-পয়সা লেনদেন ছিল। রোববার সকালে পাওনা টাকা নিয়ে আকাশের মা ও সোমার মধ্যে বাগ্বিতণ্ডা হয়। আকাশ ও তার ভাই বিষয়টি মীমাংসার জন্য সোমার বাড়িতে যায়। একপর্যায়ে সেখানে সোমা, তার স্বামী সোহেল এবং ছেলে সামিনের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। এ সময় আকাশ গুরুতর আহত হলে প্রথমে তাকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের বাবা মমিন মিয়া বলেন, আমার ছেলে তার পাওনা টাকা চাইতে গেলে তাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। ওসি নাজমুস সাকিব জানান, এ বিষয়ে একটি অভিযোগ পরিবারের কাছ থেকে পেয়েছি। মামলার রুজু প্রক্রিয়াধীন।








