ফরিদপুরের ভাঙ্গায় পারিবারিক কলহের জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। সোমবার (২৯ জুন) সকালে ভাঙ্গা পৌরসভার হোগলাডাঙ্গী সদরদী গ্রামের একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্বামীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত স্ত্রীকে আটক করেছে পুলিশ।আহত যুবকের নাম হানিফ শেখ (২২)। তিনি উপজেলার পুখুরিয়া এলাকার রফিক শেখের ছেলে এবং পেশায় একজন ব্যবসায়ী। আটক স্ত্রীর নাম সুমাইয়া আক্তার (২২)।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রায় দেড় মাস আগে হানিফ ও সুমাইয়া দম্পতি হোগলাডাঙ্গী সদরদী গ্রামের একটি বাড়ি ভাড়া নেন। এরপর থেকেই তাদের মধ্যে প্রায়ই পারিবারিক কলহ লেগেই থাকত। গত রোববার রাতেও তাদের মধ্যে প্রচণ্ড ঝগড়া হয়। পরে সোমবার সকালে হানিফ শেখ ঘুমন্ত অবস্থায় থাকলে ধারালো অস্ত্র দিয়ে তার গোপনাঙ্গ কেটে দেন সুমাইয়া।এ সময় হানিফের চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, খবর পেয়েই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অভিযুক্ত সুমাইয়া আক্তারকে আটক করা হয়েছে। এই ঘটনায় একটি মামলা করার প্রস্তুতি চলছে।