প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে ঢাকাকে বিশ্বের বসবাসের জন্য সবচেয়ে অনুপযোগী শহরগুলোর মধ্যে তৃতীয় স্থানে রাখা হয়েছে। এ পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক এবং এ বিষয়ে সরকারসহ সবাইকে গুরুত্বের সঙ্গে ভাবতে হবে।
বৃহস্পতিবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত জাতীয় পরিবেশ পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, শিল্পকারখানা ও বিভিন্ন মিল থেকে সৃষ্ট দূষণের কারণে পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ দায় শুধু সরকারের নয়, বরং সমাজের প্রতিটি মানুষের। তিনি বলেন, সুস্থ পরিবেশ ও নিরাপদ প্রতিবেশব্যবস্থা (ইকোসিস্টেম) রক্ষা করা মানবসমাজের অস্তিত্বের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। বৃক্ষরোপণ কেবল একটি আনুষ্ঠানিক কর্মসূচি নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পরিবেশ গড়ে তোলার দীর্ঘমেয়াদি বিনিয়োগ। তাই এটি সারা বছর নিয়মিতভাবে চালিয়ে যেতে হবে।
তিনি আরও বলেন, প্রতিটি পরিবারে সন্তান জন্মগ্রহণের মতো আনন্দঘন মুহূর্তে একটি করে গাছ লাগানোর সংস্কৃতি গড়ে তোলা যেতে পারে। লন্ডনে এ ধরনের উদ্যোগ বাস্তবায়িত হতে তিনি দেখেছেন বলেও উল্লেখ করেন।
তারেক রহমান জানান, পরিবেশ সংরক্ষণে সরকার ‘গ্রিন ভলান্টিয়ারিজম’ কর্মসূচি চালু করবে। পাশাপাশি ‘ক্লাইমেট ইয়ুথ ফেলোশিপ’সহ পরিবেশবান্ধব বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। আগামী পাঁচ বছরে দেশজুড়ে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে ছাদবাগান, নগর বনায়ন এবং পরিবেশবান্ধব পর্যটনকে (ইকো-ট্যুরিজম) অর্থনীতির সম্ভাবনাময় খাত হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। এছাড়া ‘রিডিউস, রিইউজ ও রিসাইকেল’ নীতিকে জাতীয় পর্যায়ে বাস্তবায়নের দিকেও সরকার গুরুত্ব দিচ্ছে।
প্রধানমন্ত্রী বলেন, আকাশমনি গাছসহ কিছু প্রজাতির গাছ পরিবেশের জন্য ক্ষতিকর। তাই এসব গাছ রোপণ থেকে বিরত থাকতে হবে। একই সঙ্গে কোন ধরনের মাটিতে কোন গাছ সবচেয়ে উপযোগী, সে বিষয়ে বৈজ্ঞানিক জ্ঞান অর্জন জরুরি। তিনি দেশীয় ও ঔষধি গাছের চাষ ও সংরক্ষণে বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, কেবল আইন প্রণয়ন করলেই পরিবেশ রক্ষা সম্ভব নয়। মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি এবং পরিবেশবান্ধব মানসিকতা গড়ে তোলাই এ ক্ষেত্রে সবচেয়ে কার্যকর উপায়।
অনুষ্ঠানের শেষপর্বে প্রধানমন্ত্রী সাতটি বিভাগে মোট ২১ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় পরিবেশ পদক প্রদান করেন।
The post পরিবেশ দূষণ রোধে ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানোর ঘোষণা প্রধানমন্ত্রীর appeared first on ZoomBangla.







