পরিবেশবিষয়ক গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনে অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘জাতীয় পরিবেশ পদক-২০২৫’ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক আবদুস সালাম।

বৃহস্পতিবার (৯ জুলাই) প্রধানমন্ত্রী তারেক রহমান উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক আবদুস সালামের হাতে এ পদক তুলে দেন।

বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত জাতীয় অনুষ্ঠানমালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান অধ্যাপক আবদুস সালামের হাতে ‘জাতীয় পরিবেশ পদক-২০২৫’ তুলে দেন।

পরিবেশবিষয়ক গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনে অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবন ক্যাটাগরিতে এ পদক অর্জন করেন তিনি। এ বিষয়ে গত ৭ জুন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে।

ঢাবির রসায়ন বিভাগের অধ্যাপক আবদুস সালাম প্রায় ২৫ বছর ধরে পরিবেশ, বায়ুদূষণ ও প্রযুক্তি নিয়ে গবেষণা করে আসছেন। বায়ুদূষণ, বায়ুমণ্ডলীয় বিজ্ঞান (অ্যাটমোসফেরিক সায়েন্স), জলবায়ু পরিবর্তন ও জনস্বাস্থ্য বিষয়ে তার আন্তর্জাতিক মানের গবেষণা বাংলাদেশের বায়ুর মান উন্নয়ন, দূষণের উৎস শনাক্তকরণ এবং এ-সংক্রান্ত প্রযুক্তি উদ্ভাবনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।

দেশি-বিদেশি বিভিন্ন খ্যাতিমান জার্নালে তার অসংখ্য গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। এছাড়া, তিনি দেশ-বিদেশের বিভিন্ন সম্মেলন ও কর্মশালায় অংশ নিয়েছেন এবং ১৫০টিরও বেশি থিসিস তত্ত্বাবধান করেছেন।

জাতীয় পরিবেশ পদক অর্জন করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তারা অধ্যাপক আবদুস সালামকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। প্রসঙ্গত, পরিবেশ সংরক্ষণ, পরিবেশবিষয়ক শিক্ষা ও প্রচার এবং পরিবেশবিষয়ক গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর তিনজন ব্যক্তি ও তিনটি প্রতিষ্ঠানকে ‘জাতীয় পরিবেশ পদক-২০২৫’ প্রদান করা হয়েছে।