‘জলবায়ুর পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’—এই প্রতিপাদ্য সামনে রেখে কুড়িগ্রাম, মুন্সীগঞ্জ ও ঠাকুরগাঁওয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে র‍্যালি, আলোচনা সভা, পুরস্কার ও বৃক্ষচারা বিতরণের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।কুড়িগ্রাম: সকালে কুড়িগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে একটি বর্ণাঢ্য র‍্যালি শহর প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক (রুটিন দায়িত্ব) মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক সাইফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু প্রমুখ। বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়; সমাজের সব স্তরের মানুষকে প্লাস্টিক দূষণ রোধ ও জীববৈচিত্র্য সংরক্ষণে এগিয়ে আসতে হবে।মুন্সীগঞ্জ: জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির সমাজকল্যাণবিষয়ক সম্পাদক মো. কামরুজ্জামান। জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. মেনহাজুল আলম ও জেলা পরিষদের প্রশাসক এ কে এম ইরাদত। সভায় বক্তারা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বনায়ন বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। পরে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও গাছের চারা বিতরণ করা হয়।ঠাকুরগাঁও: সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হকের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আলমগীর রহমান। অনুষ্ঠানে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. তামিম হাসান জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। আলোচনা শেষে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।