ফুটবল বিশ্বকাপের জ্বরে কাঁপছে গোটা বিশ্ব। কলকাতাতেও উন্মাদনার শেষ নেই। আর্জেন্টিনার বহু ভক্ত নীল সাদা রঙে নিজেদের বাড়ি রাঙিয়ে তুলেছেন। আবার কেউ নিজের বাড়িতে লিওনেল মেসির ছবি এঁকে ভালোবাসা প্রকাশ করেছেন। বেশ নজিরবিহীন একটি ঘটনা ঘটেছে পশ্চিমবঙ্গের হাওড়ায়। তরুণ শিল্পী প্রিতম ব্যানার্জি নিজের বাড়ির ছাঁদে প্রিয় ফুটবলারের ছবি এঁকে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন।

চলতি বিশ্বকাপে আর্জেন্টিনার পরপর ম্যাচে জয়ের পর হাওড়ায় নিজের বাড়ির ছাদে ৩৫ ফুট বাই ২০ ফুটের বিশাল আকারের লিওনেল মেসির ছবি এঁকেছেন প্রীতম ব্যানার্জি। কাপড়ের ওপর আবহাওয়ারোধী রংয়ের সাহায্যে প্রায় ১৪ দিন ধরে সময় দিয়ে নিজের স্বপ্নের ফুটবলারের ছবি এঁকেছেন তিনি। এবার ফের আর্জেন্টিনা বিশ্বকাপ জিতবে এবং সেরা খেলোয়াড়ের পুরস্কার লিওনেল মেসি পাবেন বলেই আশা প্রীতমের।

প্রীতম বলেন, আমি মেসির ভক্ত। আগের বিশ্বকাপে মেসি জিতেছিল। আমার ভালো লাগে আমার প্রিয় খেলোয়াড় এবং সিনেমার নায়কদের ছবি এঁকে তাদের প্রতি ভালোবাসা প্রকাশ করতে। এখন মেসি ভালো খেলছে তাই আমার মনে হলো এ ধরনের একটি কাজ করি। তার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা জানাতেই এমন উদ্যোগ।

প্রীতম আরও বলেন, যখন এই কাজ করছিলাম তখন কেউ বুঝতে পারছিল না কি বানাচ্ছি কেন বানাচ্ছি। তারপর পুরোপুরি ছবিটা আঁকার পর সবাই খুশি বিশেষ করে মেসির ফ্যান যারা তারা বেশি খুশি। প্রায় দু সপ্তাহ ধরে চেষ্টার পর এই ছবিটি আঁকা সম্ভব হয়েছে।

প্রীতমের বাবাও ছেলে কাজে ভীষণ খুশি। প্রীতমের বাবা চন্দন ব্যানার্জি বলেন, ছোট থেকেই ওর ছবি আকার নেশা। তারপর থেকেই দেখি প্রিন্টিং এর প্রতি তার ভীষণ টান। এমনিতেই সে মেসির ভক্ত। তারপর যখন আমাদের সঙ্গে আলোচনা করে আমরা রাজি হয়ে যাই। উপর দিয়ে দেখলাম বেশ ভালই লাগছে ছবিটি।

ডিডি/টিটিএন