এইচএসসি ও সমমানের পরীক্ষায় অসুদপায় অবলম্বনের অভিযোগে বুধবার ১১ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। পটুয়াখালী, রাজবাড়ীর কালুখালী ও ভোলার চরফ্যাশনে এ ঘটনা ঘটে। যুগান্তর প্রতিনিধিরা জানান : রাজবাড়ীর কালুখালীতে ৫ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। কালুখালী মহিলা কলেজ কেন্দ্রের কেন্দ্র সচিব ও অধ্যক্ষ শিকদার মমতাজ আহম্মেদ এ তথ্য জানিয়েছেন। বহিষ্কৃত ৫ পরীক্ষার্থীই কালুখালী সরকারি কলেজের শিক্ষার্থী। তাদের মধ্যে ১ জন ছাত্রী ও বাকি ৪ জন ছাত্র। পটুয়াখালী সরকারি মহিলা কলেজ কেন্দ্রে নকল করার দায়ে সাইদুল ইসলাম ও মো. রিফাত খানকে বহিষ্কার করা হয়েছে। ভোলার চরফ্যাশনে কারামাতিয়া কামিল মাদ্রাসার কেন্দ্রে ৪ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। পরীক্ষার্থীরা হলেন-চরফ্যাশন কারামাতিয়া কামিল মাদ্রাসার ১ জন, ওমরপুর গাফুরিয়া ফাজিল মাদ্রাসার ১ জন, চেয়ারম্যান বাজার আলীম মাদ্রাসার ১ জন, আন্জুরহাট ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ১ জন।








