চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল আগামী সোমবার (২০ জুলাই) প্রকাশ হচ্ছে না। প্রশাসনিক ব্যস্ততা এবং চলমান এইচএসসি পরীক্ষা-সংক্রান্ত জটিলতার কারণে ফল প্রকাশের প্রস্তুতি নির্ধারিত সময়ের মধ্যে শেষ করা সম্ভব হয়নি। তবে সংশ্লিষ্টরা জানিয়েছেন, চলতি মাসের মধ্যেই ফল প্রকাশ করা হবে।

শনিবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, ২০ জুলাই ফল প্রকাশ সম্ভব হচ্ছে না। এইচএসসি নিয়ে বিভিন্ন জটিলতার কারণে ফলাফল প্রস্তুতের কাজ শেষ করা যায়নি। আমরা মাসের শেষের দিকে ফল প্রকাশের প্রস্তুতি নিচ্ছি। তিনি আরও বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে ২০ জুলাইয়ের মধ্যে ফল প্রস্তুতের নির্দেশনা থাকলেও অনুকূল পরিস্থিতি না থাকায় নির্ধারিত সময়সীমা রক্ষা করা সম্ভব হয়নি। তবে দ্রুত কাজ শেষ করে এ মাসের মধ্যেই ফল প্রকাশের চেষ্টা চলছে।

এর আগে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন একাধিক অনুষ্ঠানে ২০ জুলাইয়ের মধ্যে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের কথা জানিয়েছিলেন। সে অনুযায়ী আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ফল প্রস্তুতের কাজও এগিয়ে নিচ্ছিল।

প্রচলিত নিয়ম অনুযায়ী, লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এ বছর এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয় ২১ এপ্রিল। সাধারণ শিক্ষা বোর্ডগুলোর লিখিত পরীক্ষা শেষ হয় ২০ মে। আর দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার লিখিত অংশ শেষ হয় ২৪ মে।

চলতি বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে সাধারণ শিক্ষা বোর্ডে ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন, মাদ্রাসা বোর্ডের দাখিলে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি বোর্ডের এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) শাখায় ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন পরীক্ষার্থী ছিলেন।