কক্সবাজারের পেকুয়ায় পাহাড় ধসে মিনহাজ (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার নানি জান্নাতুল ফেরদৌস (৬৫) গুরুতর আহত হয়েছেন।
সোমবার (৬ জুলাই) বিকেল ৪টার দিকে উপজেলার টইটং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের খুন্যাভিটার আলিম্মার ঝিরি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মিনহাজ ওই এলাকার বাসিন্দা কলিম উল্লাহর ছেলে। আহত জান্নাতুল ফেরদৌস মৃত ছাবের আহমদের স্ত্রী।
স্থানীয় ইউপি সদস্য মঞ্জুর আলম জানান, গত কয়েকদিনের টানা বৃষ্টিতে পাহাড়ের মাটি নরম হয়ে যায়। বিকেলে পাহাড়ের ঢাল থেকে একটি বড় গাছ ভেঙে তাদের বসতঘরের ওপরে পড়ে। জান্নাতুল ফেরদৌস নাতি মিনহাজকে নিয়ে ঘরের ওপর পড়ে থাকা গাছের ডালপালা সরানোর চেষ্টা করছিলেন। এ সময় হঠাৎ পাহাড়ের একটি বড় অংশ ধসে পড়ে। এতে দুজনই মাটির নিচে চাপা পড়েন। পরিবারের সদস্য ও স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মিনহাজকে মৃত ঘোষণা করেন।
পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম বলেন, “টানা ভারী বর্ষণের কারণে পাহাড় ধসের ঝুঁকি বিবেচনায় প্রশাসনের পক্ষ থেকে সকাল থেকে উপজেলার বিভিন্ন পাহাড়ি এলাকায় মাইকিং করে জনসাধারণকে সতর্ক করা হয়েছে এবং ঝুঁকিপূর্ণ স্থান ত্যাগের আহ্বান জানানো হয়েছে। পাহাড় ধসে শিশু মৃত্যুর ঘটনা মর্মান্তিক। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে।”








