ফকিরহাটের মুলঘর ইউনিয়নের পুটিয়া এলাকায় স্বামীর সঙ্গে সংসার করার দাবিতে অনশনে বসেছেন এমবিবিএস (ইন্টার্ন) চিকিৎসক ডা. বন্যা মজুমদার। মঙ্গলবার দুপুর থেকে তিনি চিকিৎসক স্বামী ডা. শতদল মণ্ডলের বাড়ির সামনে এ অনশন শুরু করেন। অনশনরত ডা. বন্যা মজুমদার বলেন, আমার স্বামী ডা. শতদল মণ্ডলের সঙ্গে অন্য নারীর পরকীয়া সম্পর্ক রয়েছে। বিষয়টি জানতে পারার পর থেকেই আমাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়। এছাড়া আমার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপবাদ ছড়ানো হয় এবং বিয়ের সময় পাওয়া স্বর্ণালংকারসহ অন্যান্য জিনিসপত্র রেখে আমাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। আমি কোনো সংঘাত চাই না। সুষ্ঠু সমাধানের মাধ্যমে স্বামীর সঙ্গে আবার সংসার করতে চাই। স্থানীয়রা জানান, ডা. শতদল মণ্ডল পারিবারিকভাবে ধনী ও প্রভাবশালী। ডা. বন্যার পরিবার আর্থিকভাবে অসচ্ছল হওয়ায় তার সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে। ডা. শতদল মণ্ডল বলেন, আমার স্ত্রী অনশনে বসেছে, বিষয়টি আমি জানি না। এছাড়া বন্যাকে আমি আইনি নোটিশ পাঠিয়েছি। বিষয়টি আদালতে নিষ্পত্তি হবে।