ফরিদপুরের আলিয়াবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমানের বিরুদ্ধে নারী কেলেঙ্কারি, বিদেশে লোক পাঠানোর নামে প্রতারণাসহ নানা অভিযোগ উঠেছে। সম্প্রতি এক নারীর সঙ্গে তার বলে দাবি করা অন্তরঙ্গ মুহূর্ত কাটানোর ১ মিনিট ২ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে। তবে ভিডিওটি নিজের নয় বলে দাবি করেছেন অভিযুক্ত বিএনপি নেতা।
স্থানীয় এক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে দাবি করেন, বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে ওই নারীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলা হয়ে থাকতে পারে। তার অভিযোগ, ওবায়দুর রহমানের আগেও বিদেশে পাঠানোর নামে অর্থ আত্মসাৎ ও প্রতারণার সঙ্গে জড়িত ছিলেন। স্থানীয় আরেক নেতা জানান, ভিডিওটি প্রকাশের আগে বিষয়টি নিয়ে একটি সালিশ বৈঠক হয়েছিল। তবে কীভাবে ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়েছে, তা জানা যায়নি। এ বিষয়ে ওবায়দুর রহমান বলেন, রাজনৈতিকভাবে হেয় করার উদ্দেশ্যে তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। ভাইরাল ভিডিওটি তার নয় এবং এ বিষয়ে তিনি প্রতিবাদ জানাবেন।
আলিয়াবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম বলেন, ওবায়দুর রহমান দলের সাংগঠনিক সম্পাদক। তিনি আগে বিদেশে লোক পাঠানোর কাজ করতেন বলে শুনেছেন, তবে ভাইরাল ভিডিওর বিষয়ে তার কাছে নিশ্চিত কোনো তথ্য নেই। জেলা বিএনপির সদস্য সচিব একেএম কিবরীয়া স্বপন বলেন, দলের কোনো নেতার বিরুদ্ধে এ ধরনের অভিযোগের প্রমাণ পাওয়া গেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।








