নবগঠিত দেশের ৫০১তম ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে আন্দোলনে নেমেছে শিক্ষার্থীরা। পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে উপজেলার ২৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা একযোগে ক্লাস ও পরীক্ষা বর্জন করে বিক্ষোভ মিছিল করেছেন। মঙ্গলবার সকালে উপজেলার দাঁতমারা, নারায়ণহাট ও বাগানবাজার ইউনিয়নের ২৫টি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসায় এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন। তাদের দাবি, প্রশাসনিক সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যেই নতুন উপজেলা গঠন করা হয়েছে। কিন্তু সদর দপ্তর এমন স্থানে নির্ধারণ করা হয়েছে, যেখানে উত্তরাঞ্চলের অধিকাংশ মানুষকে দীর্ঘপথ পাড়ি দিতে হবে। তাই ভৌগোলিক ও যোগাযোগগত দিক বিবেচনায় সদর দপ্তর পুনর্নির্ধারণের দাবি জানিয়েছেন তারা। জানা যায়, ৭৭৩ বর্গকিলোমিটার আয়তনের ফটিকছড়ি উপজেলাকে বিভক্ত করে চলতি বছরের ১ জুলাই ছয়টি ইউনিয়ন নিয়ে দেশের ৫০১তম উপজেলা হিসেবে ফটিকছড়ি উত্তরের অনুমোদন দেয় সরকার। পরে পশ্চিম ভুজপুর মৌজায় উপজেলা সদর দপ্তর স্থাপনের গেজেট প্রকাশ করা হয়।