নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে ফটিকছড়ি উত্তর উপজেলা বাস্তবায়ন সমন্বয় পরিষদ।হরতাল চলাকালে দাঁতমারা, বাগানবাজার ও নারায়ণহাট ইউনিয়নের সরকারি-বেসরকারি অফিস, ব্যবসাপ্রতিষ্ঠান ও যানবাহন চলাচল বন্ধ রাখার আহ্বান জানানো হয়েছে।বুধবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার হেয়াকো বাজারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন সমন্বয় পরিষদের সমন্বয়ক নুরুল আমিন আজাদ ও মনির হায়দার।লিখিত বক্তব্যে তারা বলেন, গত ১০ জুলাই জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে সাত দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। ঘোষিত কর্মসূচিগুলো শান্তিপূর্ণভাবে পালন করা হলেও নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে এখনো কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এ কারণে তারা হরতালের কর্মসূচি দিতে বাধ্য হয়েছেন।সমন্বয় পরিষদের নেতারা জানান, হরতাল চলাকালে দাঁতমারা, বাগানবাজার ও নারায়ণহাট ইউনিয়নের সরকারি-বেসরকারি অফিস, ব্যবসাপ্রতিষ্ঠান এবং যানবাহন চলাচল বন্ধ থাকবে।এছাড়া ঢাকা-ফেনী-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়ক এবং ফটিকছড়ি-ফেনী-হেয়াকো সড়কে যান চলাচল বন্ধ থাকবে।তবে হাসপাতাল, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, ওষুধের দোকানসহ জরুরি সেবা এবং চলমান পরীক্ষার কারণে শিক্ষাপ্রতিষ্ঠান হরতালের আওতার বাইরে থাকবে।সংবাদ সম্মেলনে সমন্বয় পরিষদের নুরুল আলম, বেলাল হোসেন, সাইফুল ইসলাম, কামাল উদ্দিন, নুরুল আবছার, মো. আনিস, জামাল হোসেন, মো. ইব্রাহীম, শাহাদাত হোসেন, মোহাম্মদ আলমগীর, শফিউল আলমসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।