স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের একটি বক্তব্যের সমালোচনা করে জামায়াতে ইসলামীর সংসদ-সদস্য শাহজাহান চৌধুরী বলেছেন, আমরা ফতোয়ার জন্য আর হাটহাজারী যাব না। ফতোয়ার জন্য পটিয়াও যাব না। ফতোয়ার জন্য লালবাগেও যাব না। আমাদের এই মহান পার্লামেন্টে, জামায়াতে ইসলামীকে ইসলামী দল নয় বলে যিনি বলেন, তার কাছ থেকেই আমরা ফতোয়া নেব। শনিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় এবং জামায়াতে ইসলামীও ইসলাম নয়-সম্প্রতি এমন মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ প্রসঙ্গ টেনে চট্টগ্রাম-১৫ আসনের সংসদ-সদস্য শাহজাহান চৌধুরী বলেন, ‘আমাদের চট্টগ্রামের আরেক কৃতী সন্তান স্বরাষ্ট্রমন্ত্রী। আমাদের চট্টগ্রামে একটি কথা এসেছে, ফতোয়ার জন্য আর মাদ্রাসায় যেতে হবে না। আমি জিজ্ঞেস করলাম কেন? বলে, ফতোয়া তো আপনাদের এই পার্লামেন্টে দেওয়া হয়। ফতোয়া কী রকম? ফখরুল ইসলাম মন্ত্রী, তিনি যেমন ইসলাম নয়, জামায়াতে ইসলামী ইসলাম নয়।
শাহজাহান চৌধুরী বলেন, জামায়াতে ইসলামীকে জানতে হলে ১০০ বছরের ইতিহাস জানতে হবে। জামায়াতে ইসলামী কি ইসলামী দল, না অন্য কিছু সেটার ফতোয়া দেওয়ার দরকার নেই।
এরপর বাজেট আলোচনায় অংশ নিয়ে বিএনপির সংসদ-সদস্য জয়নুল আবেদিন ফারুক শাহজাহান চৌধুরীর বক্তব্যের প্রসঙ্গে টেনে বলেন, তর্ক উত্থাপন করে সংসদকে উত্তপ্ত করতে চাই না। শুধু একটি কথা বলতে চাই, নিজের কথা নিজেরাই বিচার করেন। আপনারা ৭১ সালে কোথায় ছিলেন?
মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়ানোর দাবি জানিয়ে জয়নুল আবেদিন বলেন, জুলাই বিপ্লবের শহীদ হয়েছে, যারা আহত হয়েছে তাদের অবশ্যই আমরা স্মরণ করব। কিন্তু ৭১ কে ভোলা যাবে না।





